জবুর 11

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1আমি তো মাবুদের মধ্যেই আশ্রয় নিয়েছি।
তোমরা কেন বলছ, “পাখীর মত উড়ে
তোমাদের পাহাড়ে পালিয়ে যাও”?
2কেন বলছ, “অন্তরে যারা খাঁটি
অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য
দুষ্ট লোকেরা তাদের ধনুক বাঁকিয়েছে
আর তাতে তীর লাগিয়েছে”?
3কেন বলছ, “যদি দুনিয়া-সংসারের সব ভিত্তিই ভেংগে ফেলা হয়
তবে আল্লাহ্‌ভক্তদের করবার আর কিছুই নেই”?
4কিন্তু মাবুদ বেহেশতে তাঁর পবিত্র বাসস্থানে আছেন;
তাঁর সিংহাসন সেখানেই রয়েছে।
তিনি মানুষকে লক্ষ্য করেন;
তাঁর চোখ তাদের যাচাই করে।
5মাবুদ তাঁর ভক্তদের যাচাই করে দেখান,
কিন্তু যারা দুষ্ট এবং জুলুম ভালবাসে
তাদের তিনি অগ্রাহ্য করেন।
6তিনি দুষ্টদের উপরে বিপদ পাঠাবেন;
তাদের ভাগ্যে রয়েছে আগুন, জ্বলন্ত গন্ধক
আর আগুনের মত বাতাস।
7মাবুদ ন্যায়বান বলেই
ন্যায়ের কাজ তিনি ভালবাসেন;
যারা খাঁটি তারা তাঁর মুখ দেখতে পাবে।