জবুর 12

কাওয়ালী পরিচালকের জন্য। বাজনা ও কাওয়ালী নীচু সুরে চলবে। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, রক্ষা কর, তোমার ভক্তেরা আর নেই;
বিশ্বস্ত লোক মানুষের মধ্য থেকে উধাও হয়ে গেছে।
2মানুষ মানুষের কাছে মিথ্যা কথা বলে;
তারা কথা বলে খোশামুদে ঠোঁটে
আর ছলনা-ভরা অন্তরে।
3-4 যারা বলে, “জিভের জোরেই আমরা জয় করে নেব;
আমাদের ঠোঁট আমাদের পক্ষে আছে,
কে আমাদের কর্তা হবে?”
তাদের খোশামুদে ঠোঁট আর গর্ব-ভরা জিভ্‌
যেন মাবুদ কেটে ফেলেন।
5মাবুদ বলেন, “দুঃখীদের সর্বনাশ ও অভাবীদের কান্নার দরুন
এবার আমি জেগে উঠব,
আর নিরাপদে থাকাই যাদের অন্তরের কামনা
তাদের নিরাপদে রাখব।”
6মাবুদের কথায় খাদ নেই;
তা যেন আগুনে পুড়িয়ে নেওয়া রূপা,
সাতবার করে শুদ্ধ করা রূপা।
7হে মাবুদ, তুমিই তাদের নিরাপদে রাখবে;
একালের লোকদের হাত থেকে
চিরকাল তাদের প্রত্যেককে তুমি রক্ষা করবে।
8লোকেরা যখন খারাপীকে সম্মান করে
দুষ্টেরা তখন বিনা বাধায় ঘোরাফেরা করে।