জবুর 14

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1যাদের মন অসাড় তারা ভাবে আল্লাহ্‌বলে কেউ নেই।
তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য;
ভাল কাজ করে এমন কেউ নেই।
2মাবুদ বেহেশত থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন,
দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা,
দেখতে চাইলেন কেউ আল্লাহ্‌র ইচ্ছামত কাজ করে কিনা।
3তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে,
সবাই একসংগে খারাপ হয়ে গেছে;
ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
4যারা খারাপ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ?
লোকে যেমন করে খাবার খায়
তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে;
তারা মাবুদকে ডাকে না।
5আল্লাহ্‌তাঁর ভক্তদের সংগে আছেন,
তাই ঐ সব লোকেরা ভীষণ ভয়ের মধ্যে থাকবে।
6তোমরা যারা খারাপ কাজ করছ,
তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ,
কিন্তু মাবুদই তাদের আশ্রয়।
7বনি-ইসরাইলদের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক;
মাবুদ যখন তাঁর বান্দাদের অবস্থা ফিরাবেন
তখন ইয়াকুবের বংশ আনন্দ করবে-
বনি-ইসরাইলরা খুশী হবে।