জবুর 15

হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, তোমার আবাস-তাম্বুতে
কে দাঁড়াবার যোগ্য?
তোমার পবিত্র পাহাড়ে কে বাস করার যোগ্য?
2সে-ই যোগ্য,
যে নিখুঁত জীবন কাটায়,
ন্যায় কাজ করে,
সত্যে ভরা অন্তর থেকে কথা বলে,
3পরের নিন্দা করে না,
সংগীর ক্ষতি করে না,
প্রতিবেশীর সম্মান নষ্ট করে না,
4ঘৃণার যোগ্য লোককে ত্যাগ করে চলে
আর মাবুদের ভক্তদের সম্মান করে,
ক্ষতি হলেও ওয়াদা রক্ষা করে,
5সুদ ছাড়াই টাকা ধার দেয়,
আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না।
যে এইভাবে চলে সে সব সময় স্থির থাকবে।