জবুর 16

হযরত দাউদের কাওয়ালী। একটা মিক্‌তাম।
1হে আল্লাহ্‌, তুমি আমাকে রক্ষা কর,
কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।
2আমি মাবুদকে বলেছি, “তুমিই আমার মালিক;
তুমি ছাড়া আর কিছুতে আমার ভাল নেই।”
3দুনিয়ার যে সব লোক আল্লাহ্‌র, তাঁরা মহান;
তাঁদের নিয়েই আমার সব আনন্দ।
4যারা দেব-দেবীকে উপহার দিয়ে নিজের করে নেয়
তাদের দুঃখ বেড়ে যাবে।
তারা রক্তের যে ঢালন-কোরবানী করে আমি তা করব না;
দেব-দেবীর নামও আমি মুখে আনব না।
5মাবুদ, তুমিই আমার সম্পত্তি;
তুমিই আমার পিপাসার পানি।
আমার ভাগ্য তোমার হাতেই আছে।
6আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার;
আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
7আমি মাবুদের শুকরিয়া আদায় করব যিনি আমাকে সুবুদ্ধি দেন;
রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়।
8আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে;
তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
9এইজন্য আমার মন খুশীতে ভরা,
আমার অন্তর আনন্দ করছে
আর আমার শরীর নিরাপদে থাকবে;
10কারণ তুমি আমাকে কবরে ফেলে রাখবে না,
তোমার ভক্তের শরীরকে তুমি নষ্ট হতে দেবে না।
11জীবনের পথ তুমি আমাকে শিখিয়েছ;
তোমার দরবারে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ
আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ।