জবুর 19

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1আসমান আল্লাহ্‌র মহিমা ঘোষণা করছে,
আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।
2দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে,
আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান।
3কিন্তু তাতে কোন শব্দ নেই, কোন ভাষা নেই,
তাদের আওয়াজও কানে শোনা যায় না;
4তবুও তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে;
তাদের কথা ছড়িয়ে পড়ছে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত।
আসমানে সূর্যের জন্য তিনি একটা তাম্বু খাটিয়েছেন;
5সে বরের মত করে বাসর-ঘর থেকে বেরিয়ে আসে,
নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড়-বীরের মত
খুশী হয়ে ওঠে;
6সে আসমানের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায়;
তার তাপ থেকে কিছুই রেহাই পায় না।
7মাবুদের নির্দেশে কোন খুঁত নেই,
তা মানুষকে জাগিয়ে তোলে।
মাবুদের কালাম নির্ভরযোগ্য,
তা সরলমনা লোককে জ্ঞান দেয়।
8মাবুদের সমস্ত নিয়ম সোজা পথে চালায়
আর অন্তরে দেয় আনন্দ।
মাবুদের হুকুম খাঁটি,
তা দিলকে সতেজ করে।
9মাবুদের প্রতি যে ভয়,
তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী।
মাবুদের শরীয়ত সত্য,
তাতে অন্যায় কিছু নেই।
10তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েও
বেশী কামনা করার মত জিনিস।
তা মধুর চেয়ে মিষ্টি,
মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।
11তা তোমার গোলামকে সাবধান করে,
আর তা পালন করলে মহালাভ হয়।
12নিজের ভুল কে বোঝে?
আমার অজানা দোষ তুমি মাফ কর।
13জেন্তেশুনে অহংকারের বশে করা গুনাহ্‌থেকে
তোমার গোলামকে তুমি দূরে রাখ;
তা যেন আমার উপর রাজত্ব না করে।
তাহলেই আমি নিখুঁত হতে পারব,
মুক্ত থাকব আল্লাহ্‌র প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে।
14হে মাবুদ, আমার আশ্রয়-পাহাড়, আমার মুক্তিদাতা,
আমার মুখের কথা ও আমার দিলের চিন্তা
তোমাকে যেন খুশী করে।