জবুর 20

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1তোমার দুঃখের দিনে মাবুদ তোমার ডাকে সাড়া দিন;
ইয়াকুবের আল্লাহ্‌তোমাকে নিরাপদে রাখুন।
2তাঁর পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন
আর সিয়োন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন।
3তোমার সমস্ত কোরবানীর কথা তাঁর মনে থাকুক,
তোমার পোড়ানো-কোরবানীগুলো তিনি কবুল করুন। [সেলা]
4তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন,
তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন।
5তোমার জয়ে আমরা যেন আনন্দ করি
আর আমাদের আল্লাহ্‌র নামে নিশান উড়াই।
মাবুদ তোমার সমস্ত মুনাজাত কবুল করুন।
6এখন আমি জানি,
মাবুদ তাঁর অভিষেক-করা বান্দাকে রক্ষা করেন;
তাঁর ডান হাতের রক্ষা করার শক্তিতে
তিনি পবিত্র বেহেশত থেকে
3 তাঁর অভিষেক-করা বান্দার ডাকে সাড়া দেন।
7অনেকে তাদের রথের বড়াই করে,
অনেকে করে তাদের ঘোড়ার,
কিন্তু আমরা করি আমাদের মাবুদ আল্লাহ্‌র।
8তারা নীচু হয়েছে, তারা পড়ে গেছে,
কিন্তু আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি।
9হে মাবুদ, রক্ষা কর;
হে বাদশাহ্‌, আমাদের ডাকে সাড়া দাও।