জবুর 21
কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, তোমার শক্তি দেখে বাদশাহ্আনন্দিত হন;
তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।
2তুমি তাঁর মনের ইচ্ছা পূরণ করেছ,
তাঁর মুখের কথা অগ্রাহ্য কর নি। [সেলা]
3উন্নতির অনেক দোয়া নিয়ে
তুমি তাঁকে এগিয়ে আনতে গেছ,
তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার তাজ।
4তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন,
আর তুমি তাঁকে তা দিয়েছ;
তুমি তাঁকে দিয়েছ অশেষ আয়ু।
5তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে;
তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।
6তুমি তাঁকে চিরস্থায়ী দোয়া করেছ;
তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
7মাবুদের উপরেই বাদশাহ্ভরসা করেন;
আল্লাহ্তা’লার অটল মহব্বত তাঁকে স্থির রাখবে।
8তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;
যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।
9তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবে
চুলার জ্বলন্ত কয়লার মত।
মাবুদ রাগে তাদের গিলে ফেলবেন,
তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
10দুনিয়ার বুক থেকে তাদের বংশধরদের
তুমি ধ্বংস করে ফেলবে;
ধ্বংস করে দেবে তাদের বংশ মানুষের মধ্য থেকে।
11যদিও তারা তোমার বিরুদ্ধে
দুষ্ট ষড়যন্ত্র আর কুমতলব করেছে,
তবুও তারা তাতে সফল হতে পারবে না;
12কারণ তুমি তাদের মুখ লক্ষ্য করে
যখন তোমার ধনুকে টান দেবে,
তখন তাদের পালিয়ে যেতে তুমি বাধ্য করবে।
13হে মাবুদ, তোমার শক্তিতে তুমি প্রকাশিত হও;
আমরা তোমার শক্তির প্রশংসা করব ও কাওয়ালী গাইব।
