জবুর 22

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “সকালবেলার হরিণী।” হযরত দাউদের কাওয়ালী।
1আল্লাহ্‌আমার, আল্লাহ্‌আমার,
কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
আমাকে রক্ষা না করে,
আমার কান্না-ভরা মুনাজাত না শুনে,
কেন তুমি দূরে সরে রয়েছ?
2হে আমার আল্লাহ্‌, দিনের বেলায় আমি তোমাকে ডাকি,
কিন্তু তুমি জবাব দাও না;
রাতেও আমি চুপ করে থাকি না।
3কিন্তু তুমি পবিত্র;
বনি-ইসরাইলদের প্রশংসার সিংহাসনে তুমি বসে আছ।
4তোমার উপরেই ভরসা করতেন আমার পূর্বপুরুষেরা;
তাঁরা ভরসা করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।
5তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন;
তোমার উপর ভরসা করে তাঁরা লজ্জায় পড়তেন না।
6কিন্তু আমি তো কেবল একটা পোকা, মানুষ নই;
লোকে আমাকে টিট্‌কারি দেয়
আর মানুষ আমাকে তুচ্ছ করে।
7যারা আমাকে দেখে তারা সবাই আমাকে ঠাট্টা করে।
তারা আমাকে মুখ ভেংগায়, আর মাথা নেড়ে বলে,
8“ও তো মাবুদের উপর ভরসা করে,
তাহলে তিনিই ওকে রক্ষা করুন;
তিনিই ওকে উদ্ধার করুন,
কারণ ওর উপর তিনি সন্তুষ্ট।”
9মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ;
যখন আমি মায়ের দুধ খেতাম
তখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ।
10জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে;
জন্ম থেকে তুমিই আমার আল্লাহ্‌হয়েছ।
11তুমি আমার কাছ থেকে দূরে থেকো না,
কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে,
আমার সাহায্যকারী কেউ নেই।
12আমার চারপাশে রয়েছে যেন ষাঁড়ের দল;
যেন বাশন দেশের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে ঘিরে ধরেছে।
13শিকারের খোঁজে সিংহ যেমন গর্জন করে,
তেমনি করে তারা আমার বিরুদ্ধে মুখ হাঁ করেছে।
14আমাকে পানির মত করে ঢেলে ফেলা হয়েছে,
আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে,
আমার অন্তর মোমের মত হয়ে
আমার ভিতরে গলে গলে পড়ছে।
15মাটির পাত্রের শুকনা টুকরার মত
আমার শক্তি শুকিয়ে এসেছে,
আর আমার জিভ্‌তালুতে লেগে যাচ্ছে;
তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ।
16আমার চারপাশে একদল দুষ্ট লোক
কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে;
তারা আমার হাত ও পা বিঁধেছে।
17আমার হাড়গুলো আমি গুণতে পারি;
সেই লোকেরা আমাকে হাঁ করে দেখছে
আর আমার দিকে তাকিয়ে আছে।
18নিজেদের মধ্যে তারা আমার কাপড়-চোপড় ভাগ করছে
আর আমার কোর্তার জন্য গুলিবাঁট করছে।
19কিন্তু তুমি, হে মাবুদ, দূরে থেকো না;
হে আমার শক্তি,
আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এস।
20তলোয়ারের মুখ থেকে আমার প্রাণ,
ঐ সব কুকুরদের থাবা থেকে আমার বহুমূল্য জীবন তুমি রক্ষা কর।
21ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর।
তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকে
আমাকে রক্ষা করলে।
22ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করব
আর সমাজের মধ্যে তোমার গুণগান করব।
23তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর।
ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও।
ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর।
24দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি;
তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি,
বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।
25বড় সভার মধ্যে আমার যে প্রশংসা
তা তোমার কাছ থেকেই আসে;
তোমার উপর যাদের ভয় আছে
তাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।
26নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে;
যারা মাবুদের ইচ্ছামত চলে তারা তাঁর প্রশংসা করবে।
তারা চিরকাল জীবিত থাকুক।
27দুনিয়ার শেষ সীমার লোকেরাও তওবা করে
মাবুদের কাছে আসবে;
অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে সেজদা করবে।
28জ্বী, রাজ্য মাবুদেরই;
সব জাতির উপরে তিনিই বাদশাহ্‌।
29দুনিয়ার ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবে
আর তাঁর এবাদত করবে;
নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে,
তারাও তাঁকে সেজদা করবে।
30ভবিষ্যৎ বংশধরেরা তাঁর এবাদত করবে,
আর সেই যুগের লোকদের কাছে দীন-দুনিয়ার মালিকের বিষয় বলা হবে।
31যাদের এখনও জন্ম হয় নি, তাদের কাছে গিয়ে
লোকে তাঁর ন্যায্যতার কথা ঘোষণা করবে;
বলবে, তিনিই এ কাজ করেছেন।