জবুর 24

হযরত দাউদের কাওয়ালী।
1দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু মাবুদের;
বিশ্ব ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর;
2কারণ তিনিই গভীর পানির উপরে ভূমির ভিত্তি গাঁথলেন,
আর সেই ভূমি মাটির নীচের পানির উপরে ধরে রাখলেন।
3কে মাবুদের পাহাড়ে ওঠার যোগ্য?
তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে?
4কেবল সে-ই যোগ্য,
যার হাত নির্দোষ,
অন্তর খাঁটি,
মন মিথ্যার দিকে নয়,
আর মুখে নেই মিথ্যা কসম।
5সে মাবুদের কাছ থেকে দোয়া পাবে;
সে যে তাঁরই ইচ্ছামত চলছে
তার উদ্ধারকর্তা আল্লাহ্‌তা দেখিয়ে দেবেন।
6এই রকম লোকেরা মাবুদের এবাদত করে,
তারা তাঁর মুখের দিকে তাকায়;
এরাই ইয়াকুবের বংশ। [সেলা]
7হে শহরের দরজা, তোমাদের মাথা আরও উপরে তোল;
হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;
গৌরবের বাদশাহ্‌ভিতরে ঢুকবেন।
8এই গৌরবের বাদশাহ্‌কে?
তিনি মাবুদ, যিনি শক্তিশালী ও মহান;
সেই মাবুদ, যিনি যুদ্ধে মহান।
9হে শহরের দরজা, তোমাদের মাথা আরও উপরে তোল;
হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;
গৌরবের বাদশাহ্‌ভিতরে ঢুকবেন।
10কে এই গৌরবের বাদশাহ্‌?
আল্লাহ্‌রাব্বুল আলামীনই গৌরবের বাদশাহ্‌। [সেলা