জবুর 25
হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
2হে আমার আল্লাহ্, তোমার উপরেই আমি ভরসা করি,
তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;
আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে
আনন্দ করার সুযোগ না পায়।
3যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না,
কিন্তু যারা অকারণে বেঈমানী করে
তারাই লজ্জায় পড়বে।
4হে মাবুদ, তোমার পথ আমাকে জানাও,
আমাকে তোমার পথে চলতে শিখাও।
5তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও,
কারণ তুমিই আমার উদ্ধারকর্তা আল্লাহ্;
সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
6হে মাবুদ, তোমার মমতা ও অটল মহব্বতের কথা
তুমি ভুলে যেয়ো না;
সে সব তো তোমার চিরকালের কাজ।
7আমার যৌবনকালের গুনাহ্ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা
তুমি মনে রেখো না;
তোমার অটল মহব্বতের দরুন তুমি আমাকে মনে রেখো,
কারণ হে মাবুদ, তুমি মেহেরবান।
8মাবুদ মেহেরবান ও সৎ,
সেজন্যই তাঁর পথের বিষয়
তিনি গুনাহ্গারদের শিক্ষা দিয়ে থাকেন।
9তিনি নম্রদের ন্যায়পথে চালিয়ে নিয়ে যান
আর তাঁর পথের বিষয় শিক্ষা দেন।
10মাবুদের ব্যবস্থা ও শরীয়ত অনুসারে যারা চলে,
তাদের কাছে তাঁর সমস্ত পথই
অটল মহব্বত ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
11আমার অন্যায়ের বোঝা খুব বেশী,
তাই হে মাবুদ, তোমার সুনাম রক্ষার জন্যই
আমার সেই অন্যায় তুমি মাফ কর।
12কে সেই লোক, যে মাবুদকে ভয় করে?
কোন্পথ তাকে বেছে নিতে হবে
তা তিনি তাকে দেখিয়ে দেবেন।
13সে উন্নতির মধ্যে তার জীবন কাটাবে,
আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।
14মাবুদকে যারা ভয় করে
তাদের কাছেই তিনি তাঁর গোপন উদ্দেশ্য প্রকাশ করেন,
আর তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান।
15আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে,
কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।
16আমার দিকে ফেরো আর আমার প্রতি রহমত কর,
কারণ আমি একা আর দুঃখী।
17আমার দিলের যাতনা বেড়ে গেছে;
আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
18চেয়ে দেখ আমার দুঃখ ও কষ্টের দিকে;
আমার সমস্ত গুনাহ্তুমি মাফ কর।
19দেখ, আমার শত্রুর সংখ্যা কত;
তারা আমাকে কি ভীষণ ঘৃণা করে।
20আমার প্রাণ বাঁচাও ও আমাকে রক্ষা কর;
আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,
কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
21আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক,
কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি।
22হে আল্লাহ্, ইসরাইলকে তার সমস্ত কষ্ট থেকে মুক্ত কর।
