জবুর 26
হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমি যে ন্যায়পথে আছি
তা তুমি দেখিয়ে দাও,
কারণ আমি সৎ ভাবে চলি;
আমি স্থিরভাবে মাবুদের উপর ভরসা করি।
2হে মাবুদ, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর;
আমাকে পরীক্ষা করে দেখ,
আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
3কারণ সব সময় তোমার অটল মহব্বত
আমার চোখের সামনে রয়েছে;
তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি।
4আমি ঠগদের সংগে থাকি না,
আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।
5যারা খারাপ কাজ করে
তাদের দলকে আমি ঘৃণা করি;
আমি দুষ্টদের সংগে বসতে রাজী নই।
6হে মাবুদ, আমি নির্দোষ অবস্থায় হাত ধুয়ে ফেলব
আর তোমার কোরবানগাহের চারপাশে ঘুরে আসব,
7যাতে চিৎকার করে আমি তোমাকে শুকরিয়া জানাতে পারি,
আর তোমার সমস্ত অলৌকিক কাজের কথা বলতে পারি।
8হে মাবুদ, যে ঘরে তুমি বাস কর,
তোমার মহিমা যেখানে থাকে,
সেই জায়গা আমি ভালবাসি।
9গুনাহ্গারদের দলে তুমি আমাকে ফেলো না;
যারা রক্তপাত করতে ভালবাসে
তাদের সংগে আমাকে মেরে ফেলো না।
10তাদের হাতে রয়েছে খারাপীর পরিকল্পনা,
তাদের ডান হাত ঘুষে ভরা।
11কিন্তু আমি সৎ ভাবে চলাফেরা করি;
আমাকে তাদের হাত থেকে মুক্ত কর,
আর আমার প্রতি রহমত কর।
12আমি সমান জায়গায় দাঁড়িয়ে আছি;
আমি সকলের সামনেই মাবুদের প্রশংসা করব।
