জবুর 27
হযরত দাউদের কাওয়ালী।
1মাবুদই আমার নূর ও আমার উদ্ধারকর্তা,
আমি কাকে ভয় করব?
মাবুদই আমার জীবনের কেল্লা,
আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
2দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে
তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উচোট খেয়ে পড়ে যায়।
3সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে,
তবুও আমার মনে ভয় হবে না;
যদি আমার বিরুদ্ধে যুদ্ধও শুরু হয়
তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
4মাবুদের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি;
আমি যা চাইছি তা এই-
আমার সারা জীবন আমি যেন
মাবুদের ঘরে বাস করতে পারি,
যাতে আমি তাঁর সৌন্দর্য দেখতে পারি
আর সেই বাসস্থানে তাঁর বিষয় নিয়ে ধ্যান করতে পারি;
5কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়ে
তিনি আমাকে নিরাপদে রাখবেন,
তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন,
আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
6যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছে
তাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে;
আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতে
বিভিন্ন কোরবানী দেব;
আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব
আর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইব।
7হে মাবুদ, আমি ডাকলে তুমি শুনো,
আমার প্রতি রহমত কোরো,
আমার ডাকে সাড়া দিয়ো।
8আমার অন্তর তোমার এই কথাই বলছে,
“তোমরা আমাকে ডাক।”
হে মাবুদ, তাই আমি তোমাকে ডাকব।
9তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না,
রাগ করে তোমার গোলামকে তুমি ফিরিয়ে দিয়ো না;
তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ।
হে আল্লাহ্, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না,
আমাকে ত্যাগ কোরো না।
10আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেও
মাবুদ আমার ভার নেবেন।
11হে মাবুদ, তোমার পথ আমাকে দেখিয়ে দাও;
আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
12আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না,
কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;
তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে জুলুম।
13মাবুদের দেওয়া মেহেরবানী আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব-
এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?
14তোমরা মাবুদের উপর আশা রাখ;
মনে শক্তি আন ও সাহসে বুক বাঁধ
আর মাবুদের উপর আশা রাখ।
