জবুর 28
হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমার আশ্রয়-পাহাড়,
আমি তোমাকেই ডাকছি।
তুমি আমার কথায় কান বন্ধ করে থেকো না,
কারণ তুমি যদি চুপ করে থাক
তবে যারা কবরে নেমে গেছে
তাদের মতই আমার দশা হবে।
2সাহায্যের জন্য আমি যখন তোমাকে ডাকি
আর তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত উঠাই,
তখন তুমি আমার মিনতি শুনো।
3যারা দুষ্ট, যারা খারাপ কাজ করে বেড়ায়,
যারা সকলের সংগে ভাল মুখে কথা বলে
অথচ অন্তরে পুষে রাখে খারাপ ইচ্ছা,
তাদের সংগে শাস্তি দেবার জন্য তুমি আমাকে টেনে নিয়ো না।
4তাদের কাজের ফল, তাদের খারাপ কাজের ফল, তুমি তাদের দাও;
তাদের হাত যে কাজ করেছে তার ফল তাদের দাও;
তাদের যা পাওনা তা-ই তাদের দাও।
5মাবুদের হাত যে কাজ করেছে
তার প্রতি তারা মনোযোগ দেয় নি,
কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।
6সমস্ত প্রশংসা মাবুদের, তিনি আমার মিনতি শুনেছেন।
7মাবুদই আমার শক্তি ও আমার ঢাল;
আমার অন্তর তাঁর উপরে ভরসা করে,
তাই আমি সাহায্য পেয়েছি;
সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে,
আর আমি কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর শুকরিয়া আদায় করব।
8মাবুদই তাঁর বান্দাদের শক্তি;
তিনিই তাঁর অভিষেক-করা লোকের রক্ষাকারী কেল্লা।
9হে মাবুদ, তোমার বান্দাদের তুমি রক্ষা কর,
তোমার সম্পত্তিকে তুমি দোয়া কর;
তুমি তাদের পালক হও
আর চিরকাল তাদের বয়ে নাও।
