জবুর 29
হযরত দাউদের কাওয়ালী।
1হে ফেরেশতারা, তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর,
ঘোষণা কর মাবুদের গৌরব ও কুদরত।
2তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর;
তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর।
3পানির উপরে মাবুদের গলার আওয়াজ শোনা যায়;
বাজ পড়ার শব্দে গৌরবময় আল্লাহ্গর্জন করেন;
সমস্ত পানির উপরে বাজের শব্দে রয়েছে মাবুদের গর্জন।
4মাবুদের গলার আওয়াজ কুদরতে পূর্ণ, মহিমায় পূর্ণ সেই আওয়াজ।
5সেই আওয়াজ এরস গাছও ভেংগে ফেলে;
মাবুদ লেবাননের এরস গাছ টুকরা টুকরা করেন।
6তিনি লেবানন পাহাড়শ্রেণীকে বাছুরের মত নাচান,
আর সিরিয়োণ পাহাড়কে নাচান বুনো ষাঁড়ের বাচ্চার মত।
7মাবুদের গলার আওয়াজে আকাশে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়।
8সেই আওয়াজে মরুভূমি কেঁপে ওঠে;
মাবুদ কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলেন।
9তাঁর গলার আওয়াজে হরিণীরা বাচ্চা দেয়
আর বনের ডাল ও পাতা পড়ে যায়;
তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।”
10মহাবন্যার পানি মাবুদের অধীনে ছিল;
তিনি চিরকালের বাদশাহ্, তিনি সিংহাসনে আছেন।
11মাবুদ তাঁর বান্দাদের শক্তির যোগান দেবেন;
শান্তি দান করে তিনি তাদের দোয়া করবেন।
