জবুর 3
নিজ পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, দেখ, আমার শত্রুর সংখ্যা কত।
দেখ, আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে।
2অনেকে আমার সম্বন্ধে বলছে,
“আল্লাহ্তাকে উদ্ধার করবেন না।” [সেলা]
3কিন্তু হে মাবুদ, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছ।
তুমিই আমার গৌরব;
আমার নীচু মাথা তুমিই উঁচু করেছ।
4আমি চিৎকার করে মাবুদকে ডাকি,
আর তিনি আমাকে তাঁর পবিত্র পাহাড় থেকে জবাব দেন। [সেলা]
5আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম,
কারণ মাবুদই আমাকে ধরে রাখেন।
6আমার বিরুদ্ধে আমার চারপাশে
হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে,
কিন্তু আমি তাদের ভয় করি না।
7হে মাবুদ, এস;
হে আমার আল্লাহ্, আমাকে উদ্ধার কর।
তুমি আমার শত্রুদের চোয়ালে আঘাত করে
সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ।
8উদ্ধার করা মাবুদেরই কাজ।
তোমার নিজের বান্দাদের উপর
তোমার দোয়া নেমে আসুক। [সেলা
