জবুর 30
গৃহ-প্রতিষ্ঠার একটা কাওয়ালী। হযরত দাউদের গজল।
1হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব,
কারণ তুমিই আমাকে উঠিয়ে এনেছ;
আমার শত্রুদের তুমি আমার বিরুদ্ধে আনন্দ করতে দাও নি।
2হে আল্লাহ্, আমার মাবুদ,
সাহায্যের জন্য আমি তোমাকে ডেকেছিলাম
আর তুমি আমাকে সুস্থ করে তুলেছ।
3হে মাবুদ, তুমি আমাকে কবর থেকে তুলে এনেছ;
তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছ
যেন সেই গর্তে আমাকে নেমে যেতে না হয়।
4হে মাবুদের ভক্তেরা, তোমরা তাঁর উদ্দেশে কাওয়ালী গাও,
তাঁর পবিত্রতার প্রশংসা কর;
5কারণ তাঁর রাগ বেশীক্ষণ থাকে না;
তাঁর রহমতে জীবন পাওয়া যায়।
কেবল রাতটুকু কাটে কান্নায়,
কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।
6সুখের দিনে আমি বলেছিলাম,
কেউ আমাকে নাড়াতে পারবে না।
7হে মাবুদ, তুমি রহমত করে আমার রাজ্য অটল রেখেছ,
কিন্তু যখন তুমি মুখ ফিরালে
তখন আমি ভীষণ ভয় পেলাম।
8হে মাবুদ, তোমাকেই আমি ডেকেছিলাম;
আমার মালিকের কাছে আমি মিনতি করে বলেছিলাম,
9“আমার মরণে কিংবা কবরে যাওয়াতে কি লাভ?
ধুলা কি তোমার প্রশংসা করবে
কিংবা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?
10হে মাবুদ, শোন, আমার প্রতি রহমত কর;
হে মাবুদ, তুমি আমাকে সাহায্য কর।”
11শোক প্রকাশের অনুষ্ঠান থেকে
তুমি আমাকে নাচের উৎসবে এনেছ;
শোকের চট খুলে নিয়ে তুমি আমাকে আনন্দের সাজ পরিয়েছ,
12যাতে আমার অন্তর নীরব না থাকে
বরং তোমার উদ্দেশে কাওয়ালী গায়।
হে আল্লাহ্, আমার মাবুদ,
আমি চিরকাল তোমার শুকরিয়া আদায় করব।
