জবুর 31
কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি;
আমাকে কখনো লজ্জায় পড়তে দিয়ো না;
তোমার ন্যায়বিচারের জোরে আমাকে তুমি রক্ষা কর।
2আমার কথায় কান দাও;
আমাকে উদ্ধার করতে তুমি তাড়াতাড়ি এস।
আমাকে রক্ষা করার জন্য তুমি আমার আশ্রয়-পাহাড় হও
আর আমার কেল্লা হও।
3তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার কেল্লা;
তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবে
আর চালিয়ে নিয়ে যাবে।
4আমার জন্য গোপনে পেতে রাখা জাল থেকে
তুমি আমাকে উদ্ধার করবে,
কারণ তুমিই তো আমার আশ্রয়।
5আমি তোমার হাতেই আমার রূহ্তুলে দিলাম,
কারণ হে আল্লাহ্, বিশ্বস্ত মাবুদ,
তুমিই আমাকে মুক্ত করেছ।
6যারা অসার মূর্তিকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি;
কিন্তু আমি মাবুদের উপর ভরসা করি।
7তোমার অটল মহব্বত পেয়েছি বলে
আমি আনন্দ করব, খুশী হব;
কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,
আর আমার কষ্টের কথা জান।
8তুমি শত্রুদের হাতে আমাকে আট্কে রাখ নি,
বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।
9হে মাবুদ, আমাকে রহমত দান কর,
কারণ আমি কষ্টের মধ্যে আছি;
দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।
10যন্ত্রণায় আমার জীবন গেল,
আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল;
অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে,
আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে।
11শত্রুরা আমাকে ঘৃণার পাত্র করে তুলেছে,
বিশেষ করে আমার সংগীদের কাছে তা করেছে।
পরিচিত লোকদের কাছে আমি ভয়ের পাত্র;
লোকে আমাকে রাস্তায় দেখে পালিয়ে যায়।
12মরা মানুষকে লোকে যেমন ভুলে যায়
তেমনি করেই তারা আমাকে ভুলে গেছে;
আমি যেন একটা ভাংগা পাত্র।
13আমার সম্বন্ধে অনেকের নিন্দার কথা আমার কানে এসেছে,
আমার চারদিকে ভীষণ ভয়।
ওরা আমার বিরুদ্ধে একসংগে পরামর্শ করছে,
আমাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করছে।
14কিন্তু হে মাবুদ, তোমার উপরে আমি ভরসা করে আছি;
আমি বলি, “তুমিই আমার আল্লাহ্।”
15তোমার হাতেই তো আমার জীবনের সব কিছু;
যারা আমাকে তাড়া করে আসছে সেই শত্রুদের হাত থেকে
তুমি আমাকে বাঁচাও।
16তোমার গোলামের উপর তোমার রহমত আলোর মত করে পড়ুক;
তোমার অটল মহব্বতে তুমি আমাকে রক্ষা কর।
17হে মাবুদ, আমি তো তোমাকে ডেকেছি,
তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;
দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক,
তারা নীরব হয়ে কবরে পড়ে থাকুক।
18অহংকার ও ঘৃণার ভাব নিয়ে
যারা আল্লাহ্ভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে,
তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক।
19তুমি যে মেহেরবানী করেছ তা কত মহান!
যারা তোমাকে ভয় করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ;
তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মেহেরবানী করে থাক,
আর তা কর সকলের সামনে।
20তুমি তাদের তোমার আড়ালে রেখে
মানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ;
ঝগড়া-বিবাদের ঝাপ্টা থেকে
তোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ।
21সমস্ত প্রশংসা মাবুদের।
ঘেরাও করা শহরের মধ্যে তাঁর অটল মহব্বত
আশ্চর্যভাবে তিনি আমাকে দেখিয়েছিলেন।
22আমি ভয় পেয়ে বলেছিলাম,
“তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”;
কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলাম
তখন তুমি আমার মিনতি শুনেছিলে।
23হে সমস্ত আল্লাহ্ভক্ত লোক, তোমরা মাবুদকে মহব্বত কোরো।
মাবুদই বিশ্বস্তদের রক্ষা করেন
কিন্তু অহংকারীদের তিনি পুরোপুরি শাস্তি দেন।
24তোমরা যারা মাবুদের উপর ভরসা করে আছ
তোমরা মনে শক্তি আন ও সাহসে বুক বাঁধো।
