জবুর 32

হযরত দাউদের মস্কীল-কাওয়ালী।
1ধন্য সেই লোক, যার আল্লাহ্‌র প্রতি বিদ্রোহ মাফ করা হয়েছে,
যার গুনাহ্‌ঢাকা দেওয়া হয়েছে।
2ধন্য সেই লোক, যার অন্যায় মাবুদ মাফ করেছেন
আর যার অন্তরে কোন ছলনা নেই।
3আমি যখন গুনাহ্‌স্বীকার করি নি
তখন সারা দিন কোঁকাতে কোঁকাতে
আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;
4কারণ তখন দিনরাত আমার উপরে
তোমার হাতের চাপ ভারী ছিল;
গরমকালের গরমে যেমন হয়
তেমনি করে আমার গায়ের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]
5তখন আমার গুনাহ্‌আমি তোমার কাছে স্বীকার করলাম,
আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না।
আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথা
আমি মাবুদের কাছে স্বীকার করব।”
তাই গুনাহের দরুন আমার দোষ তুমি মাফ করে দিলে। [সেলা]
6কাজেই যতদিন সুযোগ আছে
ততদিন তোমার ভক্তেরা তোমার কাছে মুনাজাত করুক;
সত্যিই, বিপদ যখন বন্যার পানির মত হয়ে দেখা দেবে
তখন তা তাদের কাছে আসবে না।
7তুমিই আমার লুকিয়ে থাকার জায়গা।
তুমি আমাকে কষ্টের হাত থেকে রক্ষা করছ।
মুক্তির আনন্দ-কাওয়ালীতে তুমিই আমাকে ঘিরে রাখছ। [সেলা]
8আমি মাবুদ তোমাকে জ্ঞান দেব
আর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব;
তোমাকে চোখে চোখে রেখে আমি শিক্ষা দেব।
9তোমরা ঘোড়া বা গাধার মত হোয়ো না
যাদের বুঝবার শক্তি নেই;
মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়,
তা না দিলে তারা তোমাদের কাছে আসবে না।
10দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়,
কিন্তু যে মাবুদের উপর ভরসা করে
মাবুদের অটল মহব্বত তাকে ঘিরে রাখে।
11হে আল্লাহ্‌ভক্ত লোকেরা,
মাবুদই যেন তোমাদের আনন্দের বিষয় হন,
তাঁকে নিয়েই তোমরা খুশী হও;
তোমরা যারা অন্তরে খাঁটি,
তোমরা সকলে আনন্দ-কাওয়ালী গাও।