জবুর 33

1হে আল্লাহ্‌ভক্ত লোকেরা, মাবুদের বিষয় নিয়ে
তোমরা আনন্দ-কাওয়ালী গাও;
তাঁর গুণগান করা খাঁটি লোকদেরই কাজ।
2বীণা বাজিয়ে মাবুদের শুকরিয়া আদায় কর;
তাঁর উদ্দেশে দশ তারের বীণা বাজাও।
3তাঁর উদ্দেশে নতুন কাওয়ালী গাও,
পাকা হাতে বাজনা বাজাও আর আনন্দে চিৎকার কর।
4মাবুদের কালাম সত্য,
তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত।
5মাবুদ ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন;
সারা দুনিয়া জুড়ে আছে তাঁর অটল মহব্বত।
6মাবুদের কালামে আসমান তৈরী হয়েছে;
তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
7তিনি সমুদ্রের পানি জড়ো করে ঢিবি করেন,
আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর পানি রাখেন।
8দুনিয়ার সব লোক মাবুদকে ভয় করুক,
বিশ্বের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
9কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল;
তিনি হুকুম দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
10সব জাতির পরিকল্পনা মাবুদই অকেজো করেন;
তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন।
11কিন্তু মাবুদের পরিকল্পনা চিরকাল টিকে থাকে;
তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে।
12ধন্য সেই জাতি, যার মাবুদ আল্লাহ্‌;
ধন্য সেই লোকেরা,
যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন।
13মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেন
আর সমস্ত মানুষকে লক্ষ্য করেন।
14যারা দুনিয়াতে বাস করে
তাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন।
15সকলের অন্তর তিনিই গড়েন;
তারা যা কিছু করে তা তিনি বুঝতে পারেন।
16বড় সৈন্যদল থাকলেও কোন বাদশাহ্‌তা দিয়ে রক্ষা পেতে পারে না;
মহাশক্তি দ্বারাও কোন বীর যোদ্ধা রক্ষা পেতে পারে না।
17রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা;
মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না।
18কিন্তু মাবুদের প্রতি যাদের ভয় আছে,
যারা তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে,
তাদের উপর তাঁর নজর রয়েছে;
19যাতে মৃত্যু থেকে তিনি তাদের রক্ষা করতে পারেন
আর দুর্ভিক্ষের সময়ে বাঁচিয়ে রাখতে পারেন।
20আমরা মাবুদের জন্য অপেক্ষা করছি;
তিনিই আমাদের সাহায্যকারী ও আমাদের ঢাল।
21হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের দিলের আনন্দ,
কারণ আমরা তাঁর পবিত্রতার উপর ভরসা করি।
22হে মাবুদ, আমাদের উপরে তোমার মহব্বত থাকুক,
কারণ আমরা তোমার উপরেই আমাদের আশা রেখেছি।