জবুর 34

হযরত দাউদের কাওয়ালী। বাদশাহ্‌আবিমালেকের সামনে হযরত দাউদ পাগলের ভান করেছিলেন, সেইজন্য আবিমালেক হযরত দাউদকে তাড়িয়ে দিয়েছিলেন আর হযরত দাউদও চলে গিয়েছিলেন। কাওয়ালীটি সেই সময়কার।
1আমি সব সময় মাবুদের প্রশংসা করব;
আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।
2আমি মাবুদকে নিয়ে গর্ব করব;
তা শুনে দুঃখীরা আনন্দ পাবে।
3তোমরা আমার সংগে মাবুদের মহিমার কথা বল;
এস, আমরা একসংগে তাঁর প্রশংসা করি।
4আমি মাবুদকে ডাকলাম,
তিনি আমার ডাকে সাড়া দিলেন;
আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।
5লোকে তাঁর দিকে যখন ঈমানের চোখে চায়
তখন তাদের মুখ নূরানী হয়ে ওঠে;
তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না।
6এই হতভাগা মাবুদকে ডাকল;
তিনি তার ডাকে সাড়া দিলেন
আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।
7যারা মাবুদকে ভয় করে
মাবুদের ফেরেশতা তাদের চারপাশে ছাউনি ফেলেন
আর তাদের রক্ষা করেন।
8স্বাদ নিয়ে দেখ মাবুদ মেহেরবান;
ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।
9হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর,
কারণ যারা তাঁকে ভয় করে
তাদের কোন কিছুরই অভাব হয় না।
10যুব সিংহদের খাবারের অভাব হয়,
তারা ক্ষুধায় কষ্ট পায়;
কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলে
তাদের ভাল জিনিসের অভাব হয় না।
11ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন;
আমি তোমাদের শিখাব কি করে মাবুদকে ভয় করতে হয়।
12তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়?
সুখভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়?
13তাহলে সে জিভ্‌দিয়ে খারাপ কথা না বলুক,
আর ঠোঁট দিয়ে ছলনার কথা বের না করুক।
14খারাপ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর;
শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না।
15যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে মাবুদের চোখ আছে;
তাদের ডাক শোনার জন্য তাঁর কান খোলাই রয়েছে।
16যারা খারাপ কাজ করে মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান,
যাতে দুনিয়ার বুক থেকে তাদের নাম মুছে যায়।
17যারা ন্যায় কাজ করে মাবুদ তাদের ফরিয়াদ শোনেন;
সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।
18যাদের মন ভেংগে গেছে মাবুদ তাদের কাছে থাকেন;
যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।
19যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও
সেই সব থেকে মাবুদই তাকে উদ্ধার করেন।
20তার সব হাড় তিনিই রক্ষা করেন,
সেগুলোর একটাও ভাংগা হবে না।
21অন্যায়কারীর মৃত্যু হবে খারাপীর হাতে;
যারা ন্যায় কাজ করে তাদের ঘৃণাকারীদের শাস্তি হবে।
22মাবুদই তাঁর গোলামদের মুক্ত করেন;
যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তারা কেউই শাস্তি পাবে না।