জবুর 36

কাওয়ালী পরিচালকের জন্য। মাবুদের গোলাম হযরত দাউদের কাওয়ালী।
1দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর
আল্লাহ্‌র এই বাণী পেয়েছে,
“দুষ্ট লোকেরা আল্লাহ্‌কে ভয় করে না।”
2তারা নিজেদের বিষয়ে বড়াই করে বলে যে,
আল্লাহ্‌তাদের গুনাহ্‌ধরবেন না,
ঘৃণার চোখেও দেখবেন না।
3তাদের মুখের কথা খারাপ ও ছলনায় পূর্ণ;
বুদ্ধিমানের মত চলা তারা বাদ দিয়েছে,
আর বাদ দিয়েছে ভাল কাজ করা।
4বিছানায় শুয়েও তারা খারাপ বুদ্ধি আঁটে;
তারা অন্যায় পথে নিজেদের ছেড়ে দেয়
আর খারাপকে ঘৃণা করে না।
5হে মাবুদ, তোমার অটল মহব্বত মহাশূন্যে পৌঁছায়;
তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।
6তোমার সততা অটল পাহাড়ের মত;
তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর।
হে মাবুদ, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।
7হে আল্লাহ্‌, তোমার অটল মহব্বতের দাম দেওয়া যায় না;
তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।
8তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়;
তোমার আনন্দ-নদীর পানি তুমি তাদের খেতে দাও।
9তোমার মধ্যে জীবনের ঝর্ণা রয়েছে;
তোমার নূরেই আমরা নূর দেখি।
10যারা তোমাকে জানে
তাদের প্রতি যেন তোমার অটল মহব্বত সব সময় থাকে;
যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।
11আমাকে অহংকারীদের পায়ের তলায় ফেলো না;
দুষ্টেরা যেন আমাকে তাড়িয়ে দিতে না পারে।
12যারা খারাপ কাজ করে বেড়ায় দেখ তারা পড়ে গেছে;
তাদের ফেলে দেওয়া হয়েছে, তারা আর উঠতে পারবে না।