জবুর 38

হযরত দাউদের কাওয়ালী। একটা স্মৃতি-জাগানো কাওয়ালী।
1হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না,
কিংবা ক্রোধে আমাকে শাসন কোরো না;
2কারণ তোমার তীরগুলো আমাকে বিঁধেছে,
তোমার হাত আমাকে চেপে রেখেছে।
3তোমার রাগের ফলে আমার শরীর স্বাস্থ্যহীন,
গুনাহের জন্য আমার হাড়ও সুস্থ নয়।
4আমার অন্যায়ের মধ্যে আমি ডুবে গেছি;
তা এমন বোঝার মত হয়েছে যা আমি বইতে পারি না।
5আমার বোকামির দরুন আমার ঘা থেকে দুর্গন্ধ বের হচ্ছে,
তাতে পচন ধরেছে।
6আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি;
সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই।
7আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে,
আমার শরীর স্বাস্থ্যহীন।
8আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি,
দিলের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।
9হে মালিক, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে;
আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই।
10আমার বুক ধুক্‌ধুক্‌করছে, আমার শক্তি চলে গেছে,
এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে।
11আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরা
আমার কাছ থেকে দূরে দূরে থাকে,
এমন কি, আমার আত্মীয়-স্বজনেরাও দূরে সরে থাকে।
12আমাকে যারা হত্যা করতে চায়
তারা আমার জন্য ফাঁদ পেতেছে;
যারা আমার ক্ষতি করতে চায়
তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়;
সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
13আমি যেন বধির হয়ে গেছি, কিছুই শুনি না;
যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
14যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই,
আমি তার মতই হয়েছি।
15হে মাবুদ, আমি তোমার দিকে চেয়ে আছি;
হে আল্লাহ্‌, আমার মালিক, আমার জবাব তুমিই দেবে;
16কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবে
তখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,
আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
17আমি তো প্রায় পড়েই যাচ্ছি;
আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।
18আমার দোষ আমি স্বীকার করছি;
আমার গুনাহের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।
19আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী;
যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।
20আমি তাদের যে উপকার করি
তার বদলে তারা আমার ক্ষতি করে;
আমি যখন ভালোর খোঁজ করি
তখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।
21হে মাবুদ, আমাকে ত্যাগ কোরো না;
হে আমার আল্লাহ্‌, আমার কাছ থেকে দূরে থেকো না।
22হে মালিক, আমার উদ্ধারকর্তা,
আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।