জবুর 4

কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। হযরত দাউদের কাওয়ালী।
1হে আমার আল্লাহ্‌, আমি যে তোমার ইচ্ছামত চলছি
তা তুমি দেখিয়ে দিচ্ছ;
আমি যখন তোমাকে ডাকব
তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো।
বিপদ আমাকে চেপে ধরেছে,
কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ।
আমার প্রতি রহমত কর, আমার মুনাজাত শোন।
2হে মানুষ, আর কতকাল
তোমরা আমার সম্মানকে অসম্মান করবে?
আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবে
আর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]
3তোমরা জেনে রেখো, মাবুদ তাঁর ভক্তদের
তাঁর নিজের জন্য আলাদা করেছেন;
আমি ডাকলে তিনি শুনবেন।
4তোমরা উত্তেজিত হয়ে গুনাহ্‌কোরো না।
বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো
আর চুপ করে থেকো। [সেলা]
5যোগ্য মনোভাব নিয়ে তোমরা কোরবানী দিয়ো,
আর মাবুদের উপর ভরসা কোরো।
6অনেকে বলে, “কে আমাদের ভাল করতে পারে?”
হে মাবুদ, তোমার দয়ার দৃষ্টি
আলোর মত করে আমাদের উপর পড়ুক।
7প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে
লোকদের যেমন আনন্দ হয়,
তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।
8হে মাবুদ, তুমিই আমাকে নির্ভয়ে রাখছ,
তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাব।