জবুর 40
কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1আমি ধৈর্য ধরে মাবুদের জন্য অপেক্ষা করছিলাম।
তিনি আমার কথায় কান দিলেন, আমার ফরিয়াদ শুনলেন।
2তিনি আমাকে তুলে আনলেন
কাত্রানিতে ভরা গর্ত থেকে,
সেই পাঁকে ভরা গর্ত থেকে।
তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন
আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন।
3তিনি আমার মুখে দিলেন নতুন কাওয়ালী,
আমাদের আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী।
অনেকের চোখেই তা পড়বে
আর তাদের মনে ভয় জাগবে;
তারা মাবুদের উপর ভরসা করবে।
4ধন্য সেই লোক,
যে মাবুদের উপর ভরসা করে,
যে তাদের দিকে ফেরে না
যারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।
5হে আমার মাবুদ আল্লাহ্,
অসংখ্য তোমার অলৌকিক চিহ্ন!
কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য!
আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে,
কখনও শেষ হবে না।
কে আছে তোমার মত?
6পশু ও অন্যান্য কোরবানী তুমি চাও না,
পোড়ানো ও গুনাহের কোরবানীও তোমার দরকার নেই;
কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
7সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;
কিতাবে আমার আসার বিষয় লেখা আছে।
8হে আমার আল্লাহ্, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;
তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”
9হে মাবুদ, বিরাট মাহ্ফিলের মধ্যে
তোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি;
তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।
10তোমার ন্যায় কাজের কথা
আমার অন্তরে আমি লুকিয়ে রাখি না;
আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি;
তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততার কথা
বিরাট মাহ্ফিলের কাছে আমি গোপন করি না।
11হে মাবুদ, আমার প্রতি তোমার মমতা দেখাতে
তুমি অস্বীকার কোরো না;
তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা
যেন সব সময় আমাকে রক্ষা করে;
12কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে;
গুনাহ্আমার পিছনে তাড়া করে
আমার উপরে এসে পড়েছে।
আমি দেখতে পাচ্ছি না;
সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশী;
সাহস বলতে আমার আর কিছু নেই।
13হে মাবুদ, দয়া করে আমাকে বাঁচাও;
হে মাবুদ, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
14যারা আমাকে হত্যা করবার চেষ্টায় আছে
তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক;
যারা আমার সর্বনাশ দেখতে চায়
তারা মাথা নীচু করে ফিরে যাক।
15যারা আমাকে দেখে বলে, “ভাল হয়েছে!”
তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
16কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে
তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;
যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে
তারা সব সময়েই বলুক, “আলহামদুলিল্লাহ্!”
17আমি দুঃখী ও অভাবী,
কিন্তু আমার বিষয়ে আল্লাহ্ই চিন্তা করেন।
আমার মালিক, তুমি দেরি কোরো না;
তুমিই তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা।
