জবুর 42
দ্বিতীয় সিপারা
(42-72 রুকু)
কাওয়ালী পরিচালকের জন্য। কারুনের বংশের মস্কীল-কাওয়ালী।
1হরিণ যেমন আকুলভাবে পানির ধারা কামনা করে,
তেমনি করে হে আল্লাহ্, আমার প্রাণ
তোমার জন্য আকুল হয়ে আছে।
2আল্লাহ্র জন্য, জীবন্ত আল্লাহ্র জন্য
আমার প্রাণে পিপাসা জেগেছে;
কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?
3আমার চোখের পানিই আমার দিনরাতের খোরাক হয়েছে;
আর এদিকে লোকে আমাকে কেবলই বলছে,
“কোথায় গেল তোমার আল্লাহ্?”
4কান্নায় আমি যখন নিজেকে উজাড় করি,
তখন আমার মনে পড়ে
কেমন করে অসংখ্য ঈদ পালনকারীদের নিয়ে
আমি আনন্দ ও শুকরিয়ার চিৎকার দিতে দিতে
মিছিল করে আল্লাহ্র ঘরে যেতাম।
5হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ?
কেন এত চঞ্চল হয়ে উঠেছ?
আল্লাহ্র উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন;
সেজন্য আমি আবার তাঁর প্রশংসা করব।
6হে আমার আল্লাহ্, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে;
তাই তো আমি জর্ডান নদীর উৎসমুখে দাঁড়িয়ে,
হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে
তোমার কথা ভাবছি।
7সেখানে তোমার ঝর্ণার আওয়াজ পানির গর্জনকে ডাক দিচ্ছে;
আর তোমার ভেংগে-পড়া ধেয়ে-আসা ঢেউয়ের ধারা
আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
8দিনে মাবুদ তাঁর অটল মহব্বত আমার উপর ঢেলে দেন;
আর রাতে আমার জীবনের আল্লাহ্র কাছে আমার মুনাজাত
ও তাঁর প্রশংসা-কাওয়ালী আমার সাথী হয়।
9আমার আল্লাহ্র কাছে, আমার আশ্রয়-পাহাড়ের কাছে,
আমি এই কথা বলব, “কেন তুমি আমাকে ভুলে গেছ?
কেন আমাকে শত্রুর জুলুমে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?”
10আমার শত্রুরা যখন আমাকে ঠাট্টা করে কেবলই বলতে থাকে,
“কোথায় গেল তোমার আল্লাহ্?”
তখন আমার অবস্থা এমন হয়
যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে।
11হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ?
কেন এত চঞ্চল হয়ে উঠেছ?
আল্লাহ্র উপরে আশা রাখ,
কারণ আমি আবার তাঁর প্রশংসা করব;
তিনি আমার উদ্ধারকর্তা ও আমার আল্লাহ্।
