জবুর 43
1হে আল্লাহ্, তুমি উচিত বিচার কর,
আর এই ভয়হীন জাতির বিরুদ্ধে
আমার পক্ষ হয়ে কথা বল;
ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
2তুমিই আমার আশ্রয়-কেল্লা আল্লাহ্;
কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
কেন আমাকে শত্রুর জুলুমে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?
3তোমার নূর ও তোমার সত্য আমাকে দাও;
তারাই আমাকে পথ দেখাক।
তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে
যেখানে তুমি বাস কর,
4যেন আমি আল্লাহ্র কোরবানগাহের কাছে যেতে পারি।
তিনিই আমার সুখ ও আনন্দ।
হে আল্লাহ্, আমার আল্লাহ্,
আমি বীণা বাজিয়ে তোমার প্রশংসা করব।
5হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ?
কেন এত চঞ্চল হয়ে উঠেছ?
আল্লাহ্র উপরে আশা রাখ,
কারণ আমি আবার তাঁর প্রশংসা করব;
তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার আল্লাহ্।
