জবুর 47

কাওয়ালী পরিচালকের জন্য। কারুনের বংশের কাওয়ালী।
1হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও;
আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর।
2মহান মাবুদ ভয় জাগান;
গোটা দুনিয়ার উপরে তিনিই মহান বাদশাহ্‌।
3অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন,
আমাদের পায়ের তলায় তাদের রাখেন।
4তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন;
তা তাঁর মহব্বতের পাত্র ইয়াকুবের গর্বের বিষয়। [সেলা]
5আল্লাহ্‌আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন,
মাবুদ শিংগার ধ্বনির মধ্যে উঠে গেছেন।
6আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও,
প্রশংসার কাওয়ালী গাও;
আমাদের বাদশাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও,
প্রশংসার কাওয়ালী গাও।
7আল্লাহ্‌সারা দুনিয়ার বাদশাহ্‌;
তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-কাওয়ালী গাও।
8সব জাতির উপরে আল্লাহ্‌রাজত্ব করেন;
তাঁর পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন।
9জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক,
তারা এক জায়গায় জমায়েত হয়,
ইব্রাহিমের আল্লাহ্‌র বান্দা হিসাবেই জমায়েত হয়।
দুনিয়ার সব শাসনকর্তারা আল্লাহ্‌র অধীন,
তিনিই সবচেয়ে মহান।