জবুর 48

একটা গজল। কারুনের বংশের কাওয়ালী।
1আমাদের আল্লাহ্‌র শহরে, তাঁর পবিত্র পাহাড়ে,
মাবুদ মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
2আল্লাহ্‌র বাসস্থান ঐ সিয়োন পাহাড়,
উঁচুতে স্থাপিত মহান বাদশাহ্‌র ঐ শহর দেখতে সুন্দর;
সারা দুনিয়াকে তা আনন্দ দেয়।
3সেই শহরের রাজবাড়ীর দালান্তকোঠায়
আল্লাহ্‌নিজেকে কেল্লা হিসাবে প্রকাশ করেছেন।
4বাদশাহ্‌রা তাদের সৈন্যদল জমায়েত করে একসংগে এগিয়ে গেল;
5তারা সেই শহরটাকে দেখে আঁত্‌কে উঠল
আর ভীষণ ভয়ে পালিয়ে গেল।
6ভয়ে সেখানে তাদের কাঁপুনি ধরে গিয়েছিল
আর প্রসবকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা হয়েছিল।
7যেমন করে জোরালো পূবের বাতাস দিয়ে
তিনি বড় বড় তর্শীশ-জাহাজ ভেংগে ফেললেন,
তেমনি করেই তিনি তাদের ধ্বংস করলেন।
8আল্লাহ্‌রাব্বুল আলামীনের শহরের মধ্যে থেকে,
আমাদের মাবুদের শহরের মধ্যে থেকে
আমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম;
দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।
9হে আল্লাহ্‌, তোমার ঘরের মধ্যে
তোমার অটল মহব্বতের কথা আমরা ধ্যান করেছি।
10হে আল্লাহ্‌, তোমার বিষয় যেমন সব মানুষ জানে
তেমনি তোমার প্রশংসা দুনিয়ার শেষ সীমা পর্যন্ত আছে;
তোমার ডান হাত ন্যায় কাজ করার কুদরতে পরিপূর্ণ।
11তোমার ন্যায়বিচার দেখে সিয়োন পাহাড় খুশী হোক
আর এহুদার গ্রামগুলো আনন্দ করুক।
12হে এহুদার লোকেরা, তোমরা সিয়োনের চারপাশ দিয়ে ঘুরে এস,
তার কেল্লাগুলো গুণে দেখ;
13তার চারপাশের দেয়ালগুলো লক্ষ্য কর,
তার রাজবাড়ীর দালান্তকোঠা ঘুরে দেখ,
যেন সেই সব কথা তোমাদের সন্তানদের কাছে বলে যেতে পার।
14এই আল্লাহ্‌আমাদের চিরকালের আল্লাহ্‌;
তিনি আমাদের মৃত্যু পর্যন্ত পথ দেখিয়ে যাবেন।