জবুর 5
কাওয়ালী পরিচালকের জন্য। বাঁশীর সংগে গাইতে হবে। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমার কথায় কান দাও,
আমার দিলের আকুলতা দেখ।
2হে আমার বাদশাহ্, হে আমার আল্লাহ্,
তোমার সাহায্যের জন্য আমার ফরিয়াদ তুমি শোন,
কারণ আমি তোমারই কাছে মুনাজাত করছি।
3হে মাবুদ, প্রতিদিন সকাল বেলায়
তুমি আমার কথা শুনতে পাও।
সকাল বেলায় আমি তোমার সামনে
আমার মুনাজাতের ডালি সাজিয়ে রাখি
আর আশা নিয়ে চেয়ে থাকি।
4হে আল্লাহ্, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার আল্লাহ্নও;
খারাপ লোকেরা তোমার সামনে থাকতে পারে না।
5যারা গর্বিত তারা তোমার সামনে দাঁড়াতে পারে না;
যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের তুমি অগ্রাহ্য কর।
6যারা মিথ্যা কথা বলে তাদের তুমি ধ্বংস কর;
যাদের মধ্যে খুনীর এবং ছলনাকারীর মনোভাব রয়েছে
মাবুদ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন।
7কিন্তু আমি তোমার অসীম মমতার দরুন তোমার ঘরে ঢুকব,
তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়ে
ভয়ের সংগে আমার মাথা নীচু করব।
8হে মাবুদ, আমার অনেক শত্রু রয়েছে বলে
তোমার ন্যায়ের পথে তুমি আমাকে পরিচালনা কর;
তোমার পথ আমার সামনে সোজা করে দাও।
9আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না,
ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব,
ওদের মুখ যেন খোলা কবর,
জিভ্দিয়ে ওরা খোশামোদের কথা বলে।
10হে আল্লাহ্, তুমি ওদের দোষী বলে ঘোষণা কর;
ওদের কুমতলবে ওদেরই সর্বনাশ হোক।
ওদের অসংখ্য অপরাধের জন্য তুমি ওদের তাড়িয়ে দাও,
কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
11কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক,
তারা আনন্দে চিরকাল কাওয়ালী করুক;
তাদের তুমি রক্ষা কর,
যেন তোমাকে যারা মহব্বত করে
তারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে।
12হে মাবুদ, যারা তোমার ভক্ত
তাদের উপর সত্যিই তোমার দোয়া রয়েছে;
তোমার রহমত দিয়ে তুমি তাদের ঢালের মত করে ঘিরে রেখেছ।
