জবুর 51

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী। বৎশেবার সংগে হযরত দাউদের জেনার পর নবী নাথন যখন হযরত দাউদের কাছে এসেছিলেন কাওয়ালীটি সেই সময়কার।
1হে আল্লাহ্‌, তোমার অটল মহব্বতের জন্য আমার প্রতি দয়া কর;
তোমার অসীম মমতার জন্য
তোমার প্রতি আমার সব বিদ্রোহ মাফ কর।
2আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেল;
আমার গুনাহ্‌থেকে আমাকে পাক-সাফ কর।
3আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে;
আমার গুনাহ্‌সব সময় আমার মনে রয়েছে।
4তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্‌করেছি
আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি।
কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
5হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি;
গুনাহের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম।
6তুমি দিলের মধ্যে সত্য দেখতে চাও;
তুমিই আমার দিলের গভীরে জ্ঞান দাও।
7এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে পাক-সাফ কর,
তাতে আমি পাক-সাফ হব;
আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্‌ধবে সাদা হব।
8আমাকে খুশীর আওয়াজ ও আনন্দধ্বনি শুনতে দাও;
তোমার চুরমার করা আমার এই হাড়গুলো আনন্দ করুক।
9তুমি আমার গুনাহের দিকে চেয়ে দেখো না;
আমার সমস্ত অন্যায় তুমি মাফ কর।
10হে আল্লাহ্‌, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর;
আমার মন আবার স্থির কর।
11তোমার সামনে থেকে আমাকে দূর করে দিয়ো না;
আমার মধ্য থেকে তোমার পাক-রূহ্‌কে নিয়ে যেয়ো না।
12তোমার দেওয়া নাজাতের আনন্দ আমাকে আবার দাও;
তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর।
13তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব,
আর গুনাহ্‌গার লোকেরা ঘুরে তোমার দিকে ফিরবে।
14হে আল্লাহ্‌, আমার নাজাতদাতা আল্লাহ্‌,
খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও;
তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার কাওয়ালী বেরিয়ে আসবে।
15হে মালিক, আমার মুখ খুলে দাও,
আমি তোমার প্রশংসা প্রচার করব।
16পশু-কোরবানীতে তো তুমি খুশী হও না, হলে আমি তা দিতাম;
পোড়ানো-কোরবানীতেও তুমি সন্তুষ্ট হও না।
17ভাংগাচোরা অন্তরই আল্লাহ্‌র কবুলের যোগ্য কোরবানী;
হে আল্লাহ্‌, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
18তোমার মেহেরবানীর ইচ্ছায় তুমি সিয়োনের উন্নতি কর;
তুমি জেরুজালেমের দেয়াল তোলার কাজ চালিয়ে যাও।
19তাহলে যোগ্য মনোভাব নিয়ে দেওয়া কোরবানীতে,
পোড়ানো-কোরবানীতে আর নিঃশেষে পোড়ানো-কোরবানীতে
তুমি আনন্দ পাবে,
আর তোমার কোরবানগাহের উপরে লোকে ষাঁড় কোরবানী দেবে।