জবুর 55
কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। হযরত দাউদের মস্কীল-কাওয়ালী।
1হে আল্লাহ্, আমার মুনাজাতে কান দাও;
আমার মিনতির সামনে তুমি নিজেকে লুকিয়ে রেখো না।
2-3
আমার দিকে দেখ, আমাকে জবাব দাও;
আমার শত্রুর কথার বিষে আর দুষ্টদের জুলুমে
আমি দুর্দশায় অস্থির হয়েছি এবং কোঁকাচ্ছি।
তাদের খারাপ কাজ দ্বারা তারা আমার উপর বিপদ ডেকে এনেছে,
আর রাগে আমার উপর জুলুম করেছে।
4এতে আমার অন্তর মোচড় দিয়ে উঠছে;
মৃত্যুর ভয় আমাকে পেয়ে বসেছে।
5আমাকে ভয় আর কাঁপুনিতে ধরেছে;
ভীষণ ভয়ে আমি ডুবে আছি।
6আমি বলেছি, “হায়, যদি পাখীর মত আমার ডানা থাকত!
তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম পেতাম।
7হ্যাঁ, তাহলে আমি অনেক দূরে চলে যেতাম,
আর এক নিরালা জায়গায় গিয়ে থাকতাম। [সেলা]
8আমার আশ্রয়-স্থানে আমি ছুটে যেতাম,
ঝোড়ো বাতাস থেকে দূরে চলে যেতাম।”
9হে মালিক, তুমি তাদের উপর ধ্বংস নিয়ে এস,
তাদের ভাষায় গোলমাল লাগিয়ে দাও;
আমি শহরে মারামারি আর ঝগড়া-বিবাদ দেখতে পাচ্ছি।
10তারা যেন কিসের খোঁজে
দিনরাত শহরের দেয়ালের উপর ঘুরে বেড়ায়।
দুষ্টতা আর অন্যায় কাজ শহরের মধ্যে চলছে।
11তার মধ্যে চলছে ধ্বংসের কাজ;
জুলুম আর ছলনার কাজ শহরের চকে লেগেই আছে।
12যে আমাকে অপমান করছে সে যে আমার শত্রু তা নয়,
তাহলে আমি সহ্য করতে পারতাম;
যে আমার চেয়ে নিজেকে বড় করছে
সে যে আমার বিপক্ষের লোক তা নয়,
তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম।
13কিন্তু তা করেছ তুমি, আমারই সমান একজন মানুষ,
আমার দিলের সাথী, আমার ঘনিষ্ঠ বন্ধু।
14আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল;
আল্লাহ্র ঘরে এবাদতকারী দলের মধ্যে
আমরা একসংগে হাঁটা-চলা করতাম।
15আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক;
তারা জীবিত অবস্থায় কবরে নেমে যাক,
কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে খারাপী রয়েছে।
16কিন্তু আমি আল্লাহ্কে ডাকব,
আর মাবুদ আমাকে উদ্ধার করবেন।
17সন্ধ্যায়, সকালে আর দুপুরে
আমি কাতর স্বরে আমার নালিশ জানাতে থাকব,
আর তিনি আমার স্বর শুনবেন।
18যে যুদ্ধ আমার বিরুদ্ধে চলছিল
তাতে আমার বিপক্ষের দল বড় ছিল,
তাই তিনি আমাকে ছাড়িয়ে এনে নিরাপদে রেখেছেন।
19আল্লাহ্, যিনি প্রথম থেকেই সিংহাসনে আছেন
তিনি শুনবেন এবং তাদের শাস্তি দেবেন। [সেলা]
তাদের মনে কোন পরিবর্তন নেই, আল্লাহ্র প্রতি ভয়ও নেই।
20আমার সেই বন্ধুর সংগে যারা শান্তিতে ছিল
তাদের উপরেও সেই বন্ধু হাত উঠিয়েছে
আর তার চুক্তি ভেংগেছে।
21তার মুখের কথা মাখনের চেয়ে মোলায়েম,
কিন্তু তার অন্তরে রয়েছে যুদ্ধ;
তার কথাগুলো গায়ে মাখানো তেলের চেয়েও আরামের,
কিন্তু সেগুলো যেন খাপ থেকে টেনে বের করা তলোয়ার।
22তোমার সব ভার তুমি মাবুদের উপর ফেলে দাও,
তিনিই তোমার ব্যবস্থা করবেন;
তাঁর ভক্তদের তিনি কখনও টলতে দেবেন না।
23কিন্তু হে আল্লাহ্, তুমি খুনী ও ছলনাকারীদের
কবরে ফেলে দেবে,
আর তা করবে তাদের আয়ুর অর্ধেক শেষ হবার আগেই;
কিন্তু আমি তোমার উপর ভরসা করব।
