জবুর 56

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “গানহারা পরদেশী ঘুঘু।” হযরত দাউদের একটা মিক্‌তাম। ফিলিস্তিনীরা যখন তাঁকে গাৎ শহরে ধরেছিল কাওয়ালীটি সেই সময়কার।
1হে আল্লাহ্‌, আমার প্রতি রহমত কর,
কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে;
সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
2আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে;
অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।
3অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর ভরসা করব।
4যাঁর কালামের গুণ আমি গাই,
সেই আল্লাহ্‌র উপরে, হ্যাঁ, সেই আল্লাহ্‌র উপরেই আমি ভরসা করি;
আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
5তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করে
আর আমার ক্ষতি করার মতলবে থাকে।
6তারা একসংগে জমায়েত হয়, আমার জন্য ওৎ পেতে থাকে;
আমাকে হত্যা করবার সুযোগের জন্য
তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
7অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না?
হে আল্লাহ্‌, তুমি রাগে জাতিদের ধ্বংস কর।
8আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান;
আমার চোখের পানি দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও।
এ সবই তো তোমার কিতাবে লেখা আছে।
9যেদিন আমি তোমাকে ডাকব,
সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে;
আমি জানি আল্লাহ্‌আমার পক্ষে আছেন।
10আল্লাহ্‌, যাঁর কালামের গুণ আমি গাই,
মাবুদ, যাঁর কালামের আমি গুণগান করি,
11আমি তাঁর উপরেই ভরসা করি;
আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
12হে আল্লাহ্‌, তোমার কাছে যে মানত করেছি
আমি তা পূরণ করতে বাধ্য;
আমি তোমার কাছে কৃতজ্ঞতা-কোরবানী দেব;
13কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ
আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ,
যাতে জীবনের আলোতে আমি আল্লাহ্‌র সামনে
চলাফেরা করতে পারি।