জবুর 57

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” হযরত দাউদের একটা মিক্‌তাম। বাদশাহ্‌তালুতের কাছ থেকে পালিয়ে গিয়ে হযরত দাউদ যখন গুহায় আশ্রয় নেন, কাওয়ালীটি সেই সময়কার।
1আমার প্রতি দয়া কর;
হে আল্লাহ্‌, আমার প্রতি তুমি দয়া কর,
কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি।
তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকব
যতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।
2আমি আল্লাহ্‌তা’লাকে ডাকব;
যিনি আমাকে দেওয়া তাঁর সব কথাই রক্ষা করেন
আমি তাঁকেই ডাকব।
3বেহেশত থেকে তাঁর সাহায্য নেমে আসবে;
যারা আমাকে তাড়া করে বেড়ায়
তাদের দোষের কথা বলতে তিনি ছাড়বেন না। [সেলা]
আল্লাহ্‌র কাছ থেকে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা নেমে আসবে।
4ক্ষুধায় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি;
তাদের দাঁত যেন বর্শা আর তীর,
আর জিভ্‌ধারালো তলোয়ার।
5হে আল্লাহ্‌, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক;
তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।
6তারা আমার চলার পথে জাল পেতেছে;
জুলুমে আমি ভেংগে পড়েছিলাম;
তারা আমার পথে গর্ত খুঁড়েছে,
কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]
7হে আল্লাহ্‌, আমার মন স্থির আছে, টলে নি;
আমি কাওয়ালী গাইব, কাওয়ালীর সুর তুলব।
8হে আমার অন্তর, জেগে ওঠো;
বীণা ও সুরবাহার, জেগে ওঠো;
আমি ভোরকে জাগিয়ে তুলব।
9হে মালিক, বিভিন্ন জাতির সামনে আমি তোমাকে শুকরিয়া জানাব,
তাদের মধ্যে তোমার উদ্দেশে কাওয়ালী গাইব;
10কারণ তোমার অটল মহব্বত যেন আসমান ছুঁয়েছে,
তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
11হে আল্লাহ্‌, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক;
তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।