জবুর 59
কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” হযরত দাউদের একটা মিক্তাম। হযরত দাউদকে হত্যা করবার উদ্দেশ্যে বাদশাহ্তালুত যখন লোক পাঠিয়ে তাঁর বাড়ীতে পাহারা বসিয়েছিলেন, কাওয়ালীটি সেই সময়কার।
1হে আল্লাহ্, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর;
আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতে
তাদের নাগালের বাইরে তুলে রাখ।
2যারা খারাপ কাজ করে বেড়ায়
তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর;
খুনীদের হাত থেকে আমাকে বাঁচাও।
3তারা আমার জন্য ওৎ পেতে আছে,
ভয়ংকর লোকেরা আমার উপর হামলা শুরু করেছে;
হে মাবুদ, তা আমার কোন অন্যায় বা গুনাহের জন্য নয়।
4আমি কোন দোষ করি নি,
তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
5হে মাবুদ আল্লাহ্রাব্বুল আলামীন, ইসরাইলের আল্লাহ্,
তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো;
দুষ্ট বেঈমানদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
6তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,
আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
7দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে,
তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে;
তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
8কিন্তু হে মাবুদ, তাদের দেখে তুমি হাসছ
আর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।
9তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব,
কারণ হে আল্লাহ্, তুমিই আমার কেল্লা।
10আল্লাহ্তাঁর অটল মহব্বতের জন্য আমার কাছে আসবেন,
আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।
11হে মালিক, আমাদের ঢাল, আমার শত্রুদের তুমি মেরে ফেলো না,
তাহলে আমার লোকদের এ সব মনে থাকবে না।
তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন কর
যাতে তারা এখান্তেসেখানে ঘুরে বেড়ায়;
তুমি তাদের পরাজিত কর।
12তাদের মুখের গুনাহে আর ঠোঁটের কথায়
যে বদদোয়া ও মিথ্যা রয়েছে,
তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
13তুমি রাগে তাদের ধ্বংস কর,
ধ্বংস কর যাতে তারা আর না থাকে;
এতে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সবাই জানবে,
আল্লাহ্ইয়াকুবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
14তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,
আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
15তারা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়;
পেট না ভরলে তারা সারা রাতই জেগে কাটায়।
16কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে কাওয়ালী গাইব,
আর সকালে আনন্দে তোমার অটল মহব্বতের কাওয়ালী গাইব;
কারণ তুমিই আমার কেল্লা, বিপদ কালের আশ্রয়-স্থান।
17হে আল্লাহ্, আমার শক্তি,
আমি তোমার উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব।
তুমিই আমার কেল্লা;
তুমিই সেই আল্লাহ্, আমার জন্য যাঁর অটল মহব্বত আছে।
