জবুর 6

কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। বাজনা ও কাওয়ালী নীচু সুরে চলবে। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না;
ক্রোধে আমাকে শাসন কোরো না।
2হে মাবুদ, তুমি আমার প্রতি রহমত কর, কারণ আমি দুর্বল।
হে মাবুদ, আমাকে সুস্থ কর,
কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে,
3আর প্রাণেও লেগেছে ভীষণ ভয়।
হে মাবুদ, আর কতকাল তা চলবে?
4হে মাবুদ, আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার কর;
তোমার অটল মহব্বতের দোহাই, আমাকে রক্ষা কর।
5মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না;
কবরে কে তোমার প্রশংসা করবে?
6আমি কোঁকাতে কোঁকাতে ক্লান্ত হয়ে পড়েছি;
সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই,
চোখের পানিতে আমার খাট ভাসাই।
7দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে;
শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে।
8হে খারাপ কাজ করে বেড়ানো লোকেরা,
তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও,
কারণ মাবুদ আমার কান্না শুনেছেন।
9আমার দয়া-ভিক্ষায় মাবুদ সাড়া দিয়েছেন,
আমার মুনাজাত তিনি কবুল করেছেন।
10আমার শত্রুরা সব লজ্জিত হবে এবং ভয় পাবে;
তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জায় পড়বে।