জবুর 60

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “শাপলার সাক্ষ্য” হযরত দাউদের একটা শিক্ষা-মিক্‌তাম। ইরাম-নহরয়িম ও ইরাম-সোবার সংগে যখন হযরত দাউদের যুদ্ধ হয় এবং যোয়াব ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমীয়কে হত্যা করেন, কাওয়ালীটি সেই সময়কার।
1হে আল্লাহ্‌, তুমি আমাদের অগ্রাহ্য করেছ,
আমাদের চুরমার করেছ;
তুমি রেগে গিয়েছ,
কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
2তুমি দেশের উপর ভূমিকমপ এনেছ, ফাটল ধরিয়েছ;
তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
3তোমার বান্দাদের তুমি দুর্দিন দেখিয়েছ;
তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছ
যার দরুন আমরা মাতালের মত হাঁটছি।
4যারা তোমাকে ভয় করে তাদের তুমি একটা নিশান দিয়েছ,
যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]
5তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;
আমার ডাকে সাড়া দাও
যেন তুমি যাদের মহব্বত কর তারা উদ্ধার পায়।
6আল্লাহ্‌তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,
“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,
সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
7গিলিয়দ আমার, মানশাও আমার;
আফরাহীম যেন আমার মাথার লোহার টুপী,
আর এহুদা আমার রাজদণ্ড।
8মোয়াব আমার পা ধোয়ার পাত্র;
আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব;
আর ফিলিস্তীন, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”
9কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?
কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
10হে আল্লাহ্‌, তুমি কি আমাদের বাতিল কর নি?
আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
11হে আল্লাহ্‌, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর,
কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
12আল্লাহ্‌র সাহায্যে আমরা জয়লাভ করব;
আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।