জবুর 61

কাওয়ালী পরিচালকের জন্য। তারের মাত্র একটি বাজনার সংগে গাইতে হবে। হযরত দাউদের কাওয়ালী।
1হে আল্লাহ্‌, আমার ফরিয়াদ শোন;
আমার মুনাজাতে কান দাও।
2আমি যখনই হতাশায় ভেংগে পড়ব
তখন দুনিয়ার শেষ সীমায় থাকলেও
সেখান থেকে আমি তোমাকে ডাকব।
আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ
যা আমার নাগালের বাইরে।
3তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ;
শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী কেল্লা।
4তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি;
তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
5হে আল্লাহ্‌, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ;
তোমাকে যারা ভয় করে
তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ
তা তুমি আমাকেও দিয়েছ।
6তুমি বাদশাহ্‌র আয়ু বাড়িয়ে দেবে;
তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
7তিনি চিরকাল আল্লাহ্‌র সামনে বাস করবেন;
তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততাকে
তুমি কাজে লাগাও।
8আমি চিরকাল তোমার প্রশংসা-কাওয়ালী গাইব,
আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।