জবুর 62

কাওয়ালী পরিচালকের জন্য। যিদূথূনের নমুনায়। হযরত দাউদের কাওয়ালী।
1আমার অন্তর নীরবে কেবল আল্লাহ্‌র অপেক্ষা করছে,
কারণ তিনিই আমার উদ্ধারকর্তা।
2কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;
তিনিই আমার কেল্লা, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।
3আর কতদিন একজন মানুষের উপর
তোমাদের এই সব হামলা চলবে,
যাতে হেলে-পড়া দেয়াল আর পড়ে যাচ্ছে এমন বেড়ার মত করে
তোমরা সবাই তাকে শেষ করে দিতে পার?
4তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই
তাদের একমাত্র মতলব;
মিথ্যা কথাতেই তাদের আনন্দ।
মুখেই তারা দোয়া করে কিন্তু অন্তরে বদদোয়া দেয়। [সেলা]
5হে আমার অন্তর, তুমি নীরবে কেবল আল্লাহ্‌র অপেক্ষা কর,
কারণ তিনিই তোমাকে আশা দান করেন।
6কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;
তিনিই আমার কেল্লা, আমি স্থির থাকব।
7আমার উদ্ধার ও মান-সম্মান আল্লাহ্‌র উপরেই ভরসা করছে;
আল্লাহ্‌আমার শক্তি, আমার উঁচু পাহাড়,
তিনিই আমার আশ্রয়স্থান।
8হে আমার লোকেরা, আল্লাহ্‌আমাদের আশ্রয়;
তোমরা সব সময় তাঁর উপরে ভরসা কর,
তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা] b
9সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র,
আর উপরের লোকেরা অসার;
দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।
10তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর ভরসা কোরো না;
জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না;
বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।
11সব শক্তি আল্লাহ্‌রই হাতে-
এ কথা তিনি অনেকবার বলেছেন,
আর আমিও তা অনেকবার শুনেছি।
12হে মালিক, তোমারই মধ্যে অটল মহব্বত রয়েছে;
তুমিই প্রত্যেককে তার কাজ অনুসারে ফল দিয়ে থাক।