জবুর 63
হযরত দাউদের একটা কাওয়ালী। তিনি যখন মরুভূমিতে ছিলেন কাওয়ালীটি সেই সময়কার।
1হে আল্লাহ্, তুমি আমারই আল্লাহ্,
আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি;
এই শুকনা পানিহীন দেশে,
যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে,
সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত,
তোমার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠেছে।
2এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার কুদরত ও গৌরব।
3তোমার অটল মহব্বত পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল;
আমার মুখ তোমার প্রশংসা করবে।
4আমি সারা জীবন তোমার প্রশংসা করব;
তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব।
5গোশ্ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;
আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে।
6বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি,
রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি;
7কারণ তুমিই আমার সাহায্যকারী;
তোমার ডানার ছায়ায় আমি কাওয়ালী গাই।
8আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে;
তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে।
9যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকে
তারা দুনিয়ার তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে।
10তলোয়ারের মুখে তাদের তুলে দেওয়া হবে;
তারা হবে শিয়ালের খাবার।
11বাদশাহ্কিন্তু আল্লাহ্কে নিয়ে আনন্দ করবেন;
যারা আল্লাহ্র নামে কসম খায়
তারা সবাই তাঁকে নিয়েই গর্ব করবে;
কিন্তু মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে।
