জবুর 64

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের একটা কাওয়ালী।
1হে আল্লাহ্‌, তুমি আমার নালিশের কথা শোন;
তুমি শত্রুর ভয় থেকে আমার প্রাণ বাঁচাও।
2দুষ্টদের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচাও;
যারা খারাপ কাজ করে বেড়ায়
সেই লোকদের চেঁচামেচি থেকে আমাকে বাঁচাও।
3তারা যেন তলোয়ারের মত করে জিভে শান দিয়ে রেখেছে,
তাদের তেতো কথার তীর ধনুকে লাগিয়ে রেখেছে;
4যাতে গোপন জায়গা থেকে নির্দোষ লোকের দিকে
সেই তীর তারা ছুঁড়তে পারে;
তারা হঠাৎ তা ছোঁড়ে, ভয় করে না।
5তাদের খারাপ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়,
আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে;
তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”
6তারা অন্যায় করার মতলব এঁটে বলে,
“আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।”
সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার
নাগাল পাওয়া যায় না।
7কিন্তু আল্লাহ্‌তাদের উপর তীর ছুঁড়বেন;
হঠাৎ তীর বিঁধে তারা পড়ে যাবে।
8তাদের জিভ্‌দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে;
তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।
9তখন সকলের মনে ভয় জাগবে;
আল্লাহ্‌যা করেছেন তারা তা ঘোষণা করবে
আর সেই কথা ভাববে।
10আল্লাহ্‌ভক্ত লোকেরা মাবুদকে নিয়ে আনন্দ করবে
এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে;
অন্তরে যারা সৎ তারা তাঁর প্রশংসা করবে।