জবুর 66

কাওয়ালী পরিচালকের জন্য। একটা কাওয়ালী। একটা গজল।
1দুনিয়ার মানুষেরা,
তোমরা সবাই আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর।
2তাঁর প্রশংসা-কাওয়ালী গাও;
তাঁকে যোগ্য প্রশংসা দান কর।
3আল্লাহ্‌কে বল, “তোমার কাজ দেখে
মনে কত ভয় জাগে।
তোমার মহাশক্তির সামনে
তোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
4দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার এবাদত করবে;
তোমার উদ্দেশে তারা প্রশংসা-কাওয়ালী গাইবে;
তারা তোমার প্রশংসার কাওয়ালী গাইবে।” [সেলা]
5তোমরা এসে আল্লাহ্‌র কাজ দেখে যাও;
মানুষের জন্য তিনি যে কাজ করেছেন
তা মনে ভয় জাগায়।
6তিনি সমুদ্রকে করেছিলেন শুকনা ভূমি;
তারা পায়ে হেঁটে নদী পার হয়েছিল।
এস, আমরা দেশের মধ্যে তাঁকে নিয়ে আনন্দ করি।
7তাঁর কুদরতেই তিনি চিরকাল রাজত্ব করেন;
তাঁর চোখ সব জাতির উপর রয়েছে।
যারা আল্লাহ্‌র প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]
8সমস্ত জাতির লোকেরা, আমাদের আল্লাহ্‌র প্রশংসা কর;
তাঁর প্রশংসার ধ্বনি যেন শোনা যায়।
9তিনিই আমাদের বাঁচিয়ে রেখেছেন
আর আমাদের পা স্থির রেখেছেন।
10হে আল্লাহ্‌, তুমি আমাদের যাচাই করেছ;
রূপার খাদ বের করার মত করে
তুমি আমাদের পরিষ্কার করেছ।
11তুমিই আমাদের জালে ফেলেছ
আর আমাদের পিঠে ভীষণ বোঝা চাপিয়েছ।
12তুমি আমাদের মাথার উপর দিয়ে
যেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ।
আগুন আর পানির মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে,
কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ দোয়ার মধ্যে নিয়ে এসেছ।
13আমি তোমার ঘরে পোড়ানো-কোরবানী নিয়ে আসব
আর তোমার কাছে আমার সব মানত পূরণ করব।
14সেই সব মানতের কথা আমি মুখে বলেছি,
আর বিপদের দিনে আমার মুখ তা উচ্চারণ করেছে।
15আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়ে
পোড়ানো-কোরবানী দেব
আর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ কোরবানী দেব;
আমি ষাঁড় ও ছাগল কোরবানী দেব। [সেলা]
16তোমরা যারা আল্লাহ্‌কে ভয় কর তোমরা সবাই এসে শোন;
তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
17আমি নিজের মুখে তাঁকে ডেকেছিলাম;
আমার মুখে তাঁর প্রশংসা ছিল।
18আমার দিলে যদি আমি অন্যায় পুষে রাখতাম
তাহলে আমার কথা দীন-দুনিয়ার মালিক শুনতেন না।
19কিন্তু আল্লাহ্‌যে শুনেছেন তাতে কোন ভুল নেই;
তিনি আমার মুনাজাতে কান দিয়েছেন।
20আল্লাহ্‌র প্রশংসা হোক!
তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন নি
কিংবা আমার প্রতি তাঁর অটল মহব্বত বন্ধ করেন নি।