জবুর 68

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের একটা গজল। একটা কাওয়ালী।
1আল্লাহ্‌উঠুন, তাঁর শত্রুরা ছড়িয়ে পড়ুক
আর তাঁর বিপক্ষেরা তাঁর সামনে থেকে পালিয়ে যাক।
2ধোঁয়ার মত করে তুমি তাদের উড়িয়ে দাও;
আগুনের সামনে গলে যাওয়া মোমের মত
দুষ্টেরা আল্লাহ্‌র সামনে ধ্বংস হয়ে যাক।
3কিন্তু আল্লাহ্‌ভক্তেরা খুশী হোক
আর আল্লাহ্‌র সামনে আনন্দ করুক;
তারা খুশীতে আনন্দ করুক।
4আল্লাহ্‌র উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-কাওয়ালী গাও;
মরুভূমির মধ্য দিয়ে যিনি রথে চড়ে আসছেন
তাঁর জন্য উঁচু পথ তৈরী কর;
তাঁর নাম মাবুদ, তাঁর সামনে আনন্দ কর।
5আল্লাহ্‌তাঁর পবিত্র বাসস্থানে এতিমদের পিতা
আর বিধবাদের পক্ষ গ্রহণকারী।
6নিজের বলতে যার কেউ নেই
তাকে তিনি নিজের পরিবারের লোক করে তোলেন;
বন্দীদের তিনি মুক্ত করে উন্নতির মধ্যে নিয়ে যান,
কিন্তু বিদ্রোহীরা রোদে পোড়া জমিতে বাস করে।
7হে আল্লাহ্‌, তুমি যখন মরুভূমির মধ্য দিয়ে
তোমার বান্দাদের আগে আগে গিয়েছিলে, [সেলা]
8তখন দুনিয়া কেঁপে উঠেছিল আর আকাশ বৃষ্টি ঢেলেছিল।
এ সব হয়েছিল আল্লাহ্‌র সামনে,
তুর পাহাড়ের সেই আল্লাহ্‌র সামনে,
আল্লাহ্‌রই সামনে, ইসরাইলের আল্লাহ্‌র সামনে।
9হে আল্লাহ্‌, তুমি প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিলে;
শুকিয়ে ওঠা তোমার দেশকে তুমি সতেজ করে তুলেছিলে।
10তোমার নিজের লোকেরা তার মধ্যে বাসস্থান করেছিল;
তোমার মেহেরবানীর ইচ্ছায়, হে আল্লাহ্‌,
তুমি তাদের অভাব মিটিয়েছিলে।
11দীন-দুনিয়ার মালিক লোকদের হুকুম দেন;
সুসংবাদ ঘোষণাকারী স্ত্রীলোকেরা সংখ্যায় অনেক।
12ঐ স্ত্রীলোকেরা বলে,
“সৈন্যদলের বাদশাহ্‌রা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে,
আর ঘরে থাকা স্ত্রীলোকেরা লুটের মাল ভাগ করে নিচ্ছে।
13চারপাশে ভেড়ার খোয়াড়ের মাঝখানে তোমরা যখন শুয়ে থাক,
তখন তোমাদের এমন ঘুঘুর মত দেখতে লাগে
যার ডানা রূপায় ঢাকা আর পালক সোনায় মোড়ানো।
14সর্বশক্তিমান আল্লাহ্‌যখন দেশের মধ্যে বাদশাহ্‌দের ছড়িয়ে দিলেন
তখন সল্‌মোন পাহাড়ের উপর বরফ পড়ছিল।”
15বাশনের পাহাড়ের সারি অনেকখানি জায়গা জুড়ে রয়েছে;
তার অনেকগুলো চূড়া।
16ওহে অনেক চূড়ার পাহাড়,
আল্লাহ্‌যে পাহাড়কে নিজে থাকার জন্য বেছে নিয়েছেন
তুমি হিংসার চোখ নিয়ে কেন তার দিকে চেয়ে আছ?
সেটাই তো মাবুদের চিরকালের বাসস্থান।
17আল্লাহ্‌র রথ হাজার হাজার, লক্ষ লক্ষ;
দীন-দুনিয়ার মালিক সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন,
যেমন তিনি তুর পাহাড়ে ছিলেন।
18যখন তুমি বেহেশতে উঠলে
তখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে।
লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময়
তোমার কাছে অনেক দান এসেছিল,
যাতে তুমি, হে আল্লাহ্‌মাবুদ, তাদের মধ্যে থাকতে পার।
19দীন-দুনিয়ার মালিকের সমস্ত প্রশংসা হোক।
তিনি প্রতিদিনই আমাদের বোঝা বইছেন;
তিনিই আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌। [সেলা]
20আমাদের আল্লাহ্‌এমন আল্লাহ্‌যিনি উদ্ধার করেন;
আল্লাহ্‌মালিক মৃত্যু থেকে রক্ষা করেন।
21আল্লাহ্‌নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন;
যারা গুনাহে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথা
তিনি চুরমার করে দেবেন।
22দীন-দুনিয়ার মালিক বললেন,
“আমি বাশন দেশ থেকে তাদের নিয়ে আসব;
সমুদ্রের তলা থেকে তাদের তুলে আনব,
23যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায়
আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।”
24হে আল্লাহ্‌, লোকে তোমার ঈদ-যাত্রা দেখেছে,
দেখেছে পবিত্র জায়গার দিকে আমার আল্লাহ্‌র যাত্রা,
যিনি আমার বাদশাহ্‌।
25প্রথমে যাচ্ছে কাওয়ালেরা, তাদের পিছনে যাচ্ছে বাজনা বাদকেরা;
খঞ্জনি-বাজানো মেয়েদের মাঝখানে তারা চলেছে।
26তোমাদের সব মাহ্‌ফিলের মধ্যে আল্লাহ্‌র প্রশংসা কর;
তোমরা যারা ইসরাইল-বংশের লোক,
তোমরা মাবুদের প্রশংসা কর।
27সবার ছোট যে বিন্‌ইয়ামীন,
ঐ যাচ্ছে তার বংশ, যাদের হাতে আছে রাজদণ্ড;
ঐ যে এহুদার নেতারা, যারা দলে ভারী;
ঐ যে সবূলূনের নেতারা
আর ঐ যায় নপ্তালির নেতারা।
28তোমার আল্লাহ্‌র কাছ থেকে তোমার শক্তি এসেছে।
হে আল্লাহ্‌, তোমার শক্তি দেখাও,
আগে যেমন তুমি আমাদের পক্ষে কাজ করে দেখিয়েছিলে।
29জেরুজালেমে তোমার ঘর আছে;
সেখানেই বাদশাহ্‌রা তোমার কাছে উপহার নিয়ে যাবে।
30তাদের এবং তাদের আনা রূপার টুকরাগুলো পায়ে দলে ফেলে
নলবনের বুনো জন্তু ঐ মিসরকে তুমি ধম্‌কে দাও;
ধম্‌কে দাও বাছুর ও বলদের দলের মত ঐ সব জাতিদের।
যে সব জাতি যুদ্ধ ভালবাসে আল্লাহ্‌তাদের দল ভেংগে দিয়েছেন।
31মিসর থেকে রাষ্ট্রদূতেরা আসবেন;
ইথিওপিয়া তাড়াতাড়ি করে আল্লাহ্‌র কাছে হাত বাড়িয়ে দেবে।
32হে দুনিয়ার সব রাজ্য, আল্লাহ্‌র উদ্দেশে কাওয়ালী গাও,
দীন-দুনিয়ার মালিকের প্রতি প্রশংসার কাওয়ালী গাও। [সেলা]
33তিনি সেই পুরানো দিনের আকাশের মধ্য দিয়ে
রথে চড়ে চলাচল করেন।
শোন, তিনি জোর গলায় কথা বলছেন।
34ঘোষণা কর, আল্লাহ্‌শক্তিমান;
তাঁর মহিমা ইসরাইলের উপর রয়েছে
আর আসমান জুড়ে রয়েছে তাঁর কুদরত।
35হে আল্লাহ্‌, তোমার পবিত্র জায়গায়
তোমার উপস্থিতি ভয় জাগিয়ে তোলে।
ইসরাইলের আল্লাহ্‌তাঁর বান্দাদের শক্তি ও ক্ষমতা দিয়ে থাকেন।
আল্লাহ্‌র প্রশংসা হোক