জবুর 70

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী। একটা স্মৃতি জাগানো কাওয়ালী।
1হে আল্লাহ্‌, আমাকে বাঁচাও;
হে মাবুদ, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
2যারা আমাকে হত্যা করবার চেষ্টায় আছে
তারা লজ্জিত ও অপমানিত হোক;
যারা আমার সর্বনাশ দেখতে চায়
তারা মাথা নীচু করে ফিরে যাক।
3যারা আমাকে দেখে বলে, “ভাল হয়েছে!”
তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
4কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে
তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;
যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে
তারা সব সময়েই বলুক, “আলহামদুলিল্লাহ্‌!”
5আমি দুঃখী ও অভাবী;
হে আল্লাহ্‌, তুমি শীঘ্র আমার কাছে এস।
তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা;
হে মাবুদ, দেরি কোরো না।