জবুর 72
বাদশাহ্সোলায়মানের কাওয়ালী।
1হে আল্লাহ্, বিচার করার যে অধিকার তোমার আছে
তা তুমি এই বাদশাহ্কে দান কর;
এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর;
2যাতে তিনি ন্যায়ভাবে তোমার বান্দাদের বিচার করতে পারেন
আর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন।
3তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্য
পাহাড়-পর্বতে ভরা দেশটা উন্নতিতে ভরে উঠুক।
4তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপর
তিনি ন্যায়বিচার করুন;
তাঁর গরীবদের বাঁচান আর জুলুমবাজদের চুরমার করুন।
5যতদিন চাঁদ-সূর্য থাকবে ততদিন বংশের পর বংশ ধরে
লোকে তাঁকে ভয় করুক।
6ঘাস কেটে নেওয়া জমির উপর বৃষ্টি পড়লে যেমন হয়
তিনি যেন তেমনি হন;
তিনি যেন মাটি ভিজানো বৃষ্টিধারার মত হন।
7তাঁর আমলে আল্লাহ্ভক্তেরা যেন প্রচুর দোয়া পায়;
যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবন
উন্নতিতে ভরে উঠুক।
8তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,
ফোরাত নদী থেকে দুনিয়ার শেষ পর্যন্ত হোক।
9মরুভূমির লোকেরা তাঁর কাছে নত হোক
আর তাঁর শত্রুরা তাঁকে পায়ে ধরে সালাম করুক।
10তর্শীশ আর দ্বীপগুলোর বাদশাহ্রা তাঁকে খাজনা দিক;
সাবা ও সবা দেশের বাদশাহ্রাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
11সমস্ত বাদশাহ্রা তাঁর কাছে মাথা নীচু করুক
আর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
12যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরা
সাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।
13অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেন
আর অভাবীদের বাঁচাবেন।
14জুলুম ও হামলার হাত থেকে
তিনি তাদের প্রাণ রক্ষা করবেন;
তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।
15তিনি অনেক দিন বেঁচে থাকুন;
সাবা দেশের সোনা তাঁর কাছে আসুক।
সব সময় তাঁর জন্য মুনাজাত হতে থাকুক;
সারা দিন ধরে তাঁর উপর দোয়া ঝরে পড়ুক।
16দেশে প্রচুর শস্যের ফলন হোক,
তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক।
ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্শন্শব্দ উঠুক;
শহর থেকে বেরিয়ে আসা লোকেরা
যেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
17তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক;
সূর্য যতদিন আলো দেবে
ততদিন তাঁর সুনাম বহাল থাকুক।
তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন দোয়া পায়;
তারা তাঁকে ধন্য বলুক।
18আল্লাহ্মাবুদ, যিনি ইসরাইলের আল্লাহ্, তাঁর প্রশংসা হোক;
কেবল তিনিই অলৌকিক চিহ্ন দেখান।
19চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক;
সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক।
আমিন, আমিন।
20ইয়াসির ছেলে দাউদের সব মুনাজাতের শেষ এখানেই।
