জবুর 73
তৃতীয় সিপারা
(৭3-8৯ রুকু)
হযরত আসফের কাওয়ালী।
1যাদের অন্তর খাঁটি সেই বনি-ইসরাইলদের পক্ষে
আল্লাহ্সত্যিই মেহেরবান।
2কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম;
আমার পা প্রায় পিছলে গিয়েছিল।
3আমি দেখলাম, দুষ্টেরা খুব সুখে আছে,
সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল;
4কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় না
আর তাদের শরীরও খুব মোটাসোটা থাকে।
5অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না;
অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না।
6সেজন্য অহংকার হয় তাদের গলার হার,
আর জুলুম হয় তাদের গায়ের কাপড়।
7চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে;
তাদের মনের কুমতলব উপ্চে পড়ছে।
8তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে;
অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।
9তারা বেহেশতের বিরুদ্ধে কথা বলে
আর সারা দুনিয়ায় তাদের বড় বড় কথা ছড়িয়ে পড়ে।
10সেজন্য আল্লাহ্র বান্দারা খারাপ পথে ফিরে যায়
আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
11তারা বলে, “আল্লাহ্কি করে জানবেন?
আল্লাহ্তা’লার মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?”
12এরাই হল সেই দুষ্ট লোকেরা
যারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে।
13আমার দিলকে আমি মিছামিছি খাঁটি রেখেছি,
আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি।
14সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি;
প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি।
15যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম,
তবে এই কালের তোমার বান্দাদের কাছে
আমি বেঈমান হতাম।
16আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলাম
তখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;
17কিন্তু যখন আমি আল্লাহ্র পবিত্র জায়গায় গেলাম
তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
18তুমি সত্যিই তাদের পিছলা জায়গায় রেখেছ
আর ধ্বংসের মধ্যে ফেলেছ।
19কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায়
আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।
20ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ্ন যেমন তুচ্ছ হয়ে যায়,
তেমনি হে মালিক, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
21যখন আমার মন তেতো হয়ে উঠেছিল
আর অন্তরে আঘাত লেগেছিল,
22তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলাম
আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম।
23তবুও আমি সব সময় তোমার সংগেই আছি;
তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।
24তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে,
আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।
25বেহেশতে তুমিই আমার সব;
তোমাকে পেয়ে দুনিয়াতেও আমার চাওয়ার আর কিছু নেই।
26আমার শরীর ও মন ক্ষয় হয়ে যেতে পারে,
কিন্তু আল্লাহ্আমার দিলের শক্তি
আর আমার চিরকালের সম্পত্তির ভাগ।
27যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে,
তারা শেষ হয়ে যাবে;
যারা তোমার প্রতি বেঈমান
তুমি তাদের ধ্বংস করে ফেলবে।
28কিন্তু আল্লাহ্র সংগে থাকা আমার জন্য ভাল;
আল্লাহ্মালিককে আমি আমার আশ্রয়স্থান করেছি,
যেন তাঁর সব কাজের কথা আমি প্রচার করতে পারি।
