জবুর 76

কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। হযরত আসফের একটা গজল। একটা কাওয়ালী।
1এহুদা-রাজ্যে সকলেই আল্লাহ্‌র কথা জানে;
ইসরাইল-রাজ্যে তাঁর নাম মহান।
2জেরুজালেমে তাঁর আবাস-তাম্বু
আর সিয়োনে তাঁর বাসস্থান আছে।
3তিনি সেখানে সব জ্বলন্ত তীর ভেংগে ফেলেছেন,
ভেংগে ফেলেছেন ঢাল, তলোয়ার আর যুদ্ধের অস্ত্রশস্ত্র। [সেলা]
4তুমি নূরে কেমন নূরানী!
শিকারে ভরা পাহাড় থেকে তোমার ফিরে আসা কেমন মহিমাপূর্ণ!
5সাহসী যোদ্ধাদের লুটপাট করা হয়েছে,
তারা শেষ ঘুমে ঢলে পড়েছে;
কোন যোদ্ধার হাতে আর শক্তি ছিল না।
6হে ইয়াকুবের আল্লাহ্‌, ঘোড়া আর রথচালকেরা
তোমার ধমক খেয়ে গভীর ঘুমে ঢলে পড়েছে।
7তুমি, তুমিই খুব ভয়ানক;
তোমার রাগ জেগে উঠলে
কে তোমার সামনে দাঁড়াতে পারে?
8-9 বেহেশত থেকে তুমি তোমার বিচারের রায় শোনালে;
হে আল্লাহ্‌, তুমি উঠলে বিচার করার জন্য
এবং দুনিয়ার অত্যাচারিত লোকদের রক্ষা করার জন্য;
তাতে দুনিয়া ভয়ে নীরব হল। [সেলা]
10অবশ্যই মানুষের রাগের ফলে তোমার প্রশংসা হয়;
সেই রাগের বাকী অংশ দিয়ে তুমি নিজেকে সাজাও।
11তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র কাছে মানত কর
আর তা পূরণ কর।
যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকে
লোকে উপহার আনুক।
12শাসনকর্তাদের সাহস তিনিই দমিয়ে দেন;
দুনিয়ার বাদশাহ্‌রা তাঁকে ভয় করে।