জবুর 79

হযরত আসফের একটা কাওয়ালী।
1হে আল্লাহ্‌, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে,
তারা সেখানে ঢুকে পড়েছে;
তোমার পবিত্র ঘরটা তারা নাপাক করেছে;
জেরুজালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।
2তোমার গোলামদের লাশগুলো
তারা আকাশের পাখীদের খেতে দিয়েছে;
তোমার ভক্তদের লাশের গোশ্‌ত দুনিয়ার পশুদের দিয়েছে।
3জেরুজালেমের চারদিকে তারা পানির মত করে
তাদের রক্ত ঢেলে দিয়েছে;
তাদের দাফন করবার কেউ নেই।
4প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি,
আমাদের চারপাশের লোকদের কাছে
হাসি-তামাশার খোরাক হয়েছি।
5হে মাবুদ, আর কতকাল?
তুমি কি চিরকালই রেগে থাকবে?
আর কতদিন তোমার পাওনা এবাদত না পাওয়ার জ্বালা
আগুনের মত জ্বলতে থাকবে?
6যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপর
তোমার গজব নাজেল কর,
নাজেল কর সেই সব রাজ্যগুলোর উপর
যারা তোমার এবাদত করে না;
7কারণ তারাই ইয়াকুবের বংশকে যেন শেষ করে ফেলেছে,
তার বাসস্থান ধ্বংস করেছে।
8পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না;
তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও,
কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।
9হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌,
তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর;
তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার কর
আর আমাদের গুনাহ্‌মাফ কর।
10অন্য জাতিরা কেন বলবে, “কোথায় গেল ওদের আল্লাহ্‌?”
তুমি আমাদের সামনেই তাদের জানিয়ে দাও যে,
তোমার গোলামদের রক্তপাতের শোধ তুমি নেবেই।
11বন্দীদের কাত্‌রানি তোমার কানে পৌঁছাক;
যাদের উপর মৃত্যুর রায় দেওয়া হয়েছে
তোমার মহাশক্তিতে তুমি তাদের বাঁচাও।
12হে মালিক, আমাদের প্রতিবেশী জাতিরা
যেভাবে তোমাকে গাল-মন্দ করেছে,
তার সাতগুণ শাস্তি তুমি তাদের ফিরিয়ে দাও।
13তাহলে আমরা, তোমার বান্দারা, যারা তোমার চারণ ভূমির ভেড়া,
চিরকাল তোমাকে কৃতজ্ঞতা জানাব
আর বংশের পর বংশ ধরে তোমার প্রশংসা করব।