জবুর 8
কাওয়ালী পরিচালকের জন্য। গিত্তীৎ। হযরত দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমাদের মালিক,
সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ;
বেহেশতে তোমার মহিমা তুমি স্থাপন করেছ।
2ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে
তুমি শক্তির কেল্লা করেছ;
তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ,
যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের
তুমি থামিয়ে দিতে পার।
3আমি যখন তোমার হাতে গড়া আসমানের দিকে তাকাই
আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,
4তখন ভাবি, মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর?
মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?
5তুমি মানুষকে ফেরেশতার চেয়ে সামান্য নীচু করেছ;
রাজতাজ হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান।
6তোমার হাতের সৃষ্টির শাসনভার তুমি তারই হাতে দিয়েছ
আর তার পায়ের তলায় রেখেছ এই সব-
7গরু ও ভেড়ার পাল আর দুনিয়ার অন্য সব পশু,
8আকাশে উড়ে বেড়ানো পাখী,
সাগরের মাছ আর সাগর-পথে ঘুরে বেড়ানো অন্য সব প্রাণী।
9হে মাবুদ, আমাদের মালিক,
সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ।
