জবুর 81

কাওয়ালী পরিচালকের জন্য। গিত্তীৎ। হযরত আসফের কাওয়ালী।
1আল্লাহ্‌, যিনি আমাদের শক্তি,
তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর;
ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ের ধ্বনি কর।
2কাওয়ালী শুরু কর, খঞ্জনি বাজাও;
বাজাও মধুর বীণা আর সুরবাহার।
3আমাদের ঈদের দিন অমাবস্যায় আর পূর্ণিমায় শিংগা বাজাও;
4ওটাই ইসরাইলের নিয়ম, ইয়াকুবের আল্লাহ্‌র আইন।
5যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেন
তখন ইউসুফ-বংশের জন্য তিনি এই ঈদ
সাক্ষ্য হিসাবে স্থাপন করলেন।
আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।
6মাবুদ বললেন, “আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম;
ঝুড়ি বওয়া থেকে সে রেহাই পেল।
7বিপদে পড়ে তুমি আমাকে ডাকলে
আর আমি তোমাকে উদ্ধার করলাম;
বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে জবাব দিলাম;
মরীবার পানির কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]
8হে আমার বান্দারা, তোমরা আমার সাবধান বাণী শোন;
হে বনি-ইসরাইলরা, আমার একান্ত ইচ্ছা যে, তোমরা আমার কথায় কান দাও।
9কোন দেব-দেবী তোমাদের না থাকুক;
অন্য কোন জাতির দেবতারও
যেন তোমরা পূজা না কর।
10আমিই আল্লাহ্‌, তোমাদের মাবুদ;
আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি।
তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।
11কিন্তু আমার বান্দারা আমার কথায় কান দিল না;
ইসরাইল আমার বাধ্য হতে রাজী হল না।
12সেইজন্য আমি তাদের একগুঁয়ে দিলের হাতেই ফেলে রাখলাম,
যাতে তারা নিজেদের ইচ্ছামত চলে।
13হায়, যদি আমার বান্দারা কেবল আমার বাধ্য থাকত,
যদি ইসরাইল আমার পথে চলত,
14তবে শীঘ্রই আমি তাদের শত্রুদের দমন করতাম,
তাদের শত্রুদের বিরুদ্ধে আমার হাত তুলতাম।
15“শত্রুরা আমার সামনে নত হতে বাধ্য হবে,
তাদের শাস্তি হবে চিরকাল স্থায়ী।
16কিন্তু ইসরাইলকে আমি সবচেয়ে ভাল গম খেতে দেব;
সত্যিই আমি তাদের তৃপ্ত করব সেই মধু দিয়ে
যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়।”